১৯৭৫ সালের নভেম্বর থেকে ১৯৭৬ সালের আগস্ট মাস পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় থাকা সেনাসদস্যদের নাম-ঠিকানা ও অবস্থান জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৮ জানুয়ারির মধ্যে এসব তথ্য জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে।লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিকালে আদালত আজ বুধবার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ওই সময়ে বিচারের জন্য গঠিত বিশেষ সামরিক ট্রাইব্যুনালের বেসামরিক ও সামরিক চার সদস্যের অবস্থানও জানতে চেয়েছেন। ১৮ জানুয়ারির মধ্যে সংস্থাপন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই সচিবকে জানাতে বলা হয়েছে।বেসামরিক সদস্য মো. আবদুল আলী, হাসান মোরশেদ ও সামরিক সদস্য উইং কমান্ডার আবদুর রশিদ ও অ্যাক্টিং কমান্ডার সিদ্দিক আহমেদ সম্পর্কে জানাতে বলা হয়েছে।আজ বেলা আড়াইটার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।১৯৭৬ সালের ৪ জুন মোহাম্মদপুর থানায় তাহেরের বিরুদ্ধে করা এজাহারের কাগজপত্রও এই সময়ের মধ্যে দাখিল করার নির্দেশ দেন আদালত। সামরিক আদালতে লে. কর্নেল এম এ তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের তৃতীয় দিনের শুনানিতে আজ দুপুরে মাহমুদুর রহমান মান্না ও সার্জেন্ট সৈয়দ রফিকুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।তাহেরের সঙ্গে গোপন বিচারের মুখোমুখি মেজর (অব.) জিয়া উদ্দিন ও সাংসদ হাসানুল হক ইনু গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে বক্তব্য উপস্থাপন করেন।