১৯৯৬ সালে আ. লীগের বন্ধু হয়েছিল জামায়াত
জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বিরোধীদলীয় নেতার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানের জবাব দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য জামায়াত আওয়ামী লীগের রাজনৈতিক বন্ধু হয়েছিল। একসাথে আন্দোলন করেছিল।১৮ দলের কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কর্মী সম্মেলনে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক। প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য জামায়াত যদি আপনাদের বন্ধু হতে পারে, তখনকার বিচার আমরা শুরু করব, কেন তাদের সাথে আঁঁতাত করে আন্দোলন করেছিলেন।’ গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধীদলীয় নেত্রী আন্দোলনের কর্মসূচি দিয়েছেন। যতই ষড়যন্ত্র করা হোক, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। কেউ তাঁদের বাঁচাতে পারবে না।প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। নইলে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টার জন্য আপনাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।’ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছি। এতে জাতি কলঙ্কমুক্ত হবে। জনগণের মনের কথা বোঝার চেষ্টা করুন। জামায়াত-শিবির ছাড়ুন। তাহলে আপনার একটা জায়গা হবে। না হলে আপনার দুর্নীতি আর লুটপাটের বিচার এ দেশের মাটিতে হবে।’মৌলভীবাজারে শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে ফারুক বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের পথে। প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘বিজয়ের মাস আপনার একার না। আপনার স্বাধীনতা যুদ্ধের সনদ নেই। আমাদের আছে। আমরা বলতে পারি, বিজয়ের মাস আমাদের মাস।’ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগ যদি জিয়াউর রহমানের গৌরবোজ্জ্বল ইতিহাস স্বীকার করে, তাহলে বিএনপিও শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল ইতিহাস স্বীকার করবে।’তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘বল এখন আপনার কোর্টে। এখনও সময় আছে, আঁঁস্তাকুড়ে যাওয়ার আগে, আলোচনার সুযোগ আছে। তাহলে আর কোনো আন্দোলনের প্রয়োজন হবে না।