২,৮ ও ৯ এপ্রিল হরতাল দিতে পারে ১৮ দলীয় জোট
নেতা-কর্মীদের মুক্তি না দিলে ৮ ও ৯ এপ্রিল টানা হরতাল দিতে পারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এছাড়া ২ এপ্রিলও একটি হরতাল দেওয়ার কথা ভাবছে দলটি। ১৫ এপ্রিলে ঢাকায় একটি বড় ধরনের সমাবেশ বা মহাসমাবেশ করার পরিকল্পনাও আছে দলটির। আগামী ৩১ মার্চ নতুন এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে। আজ বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এসব কর্মসূচি পালনের ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানা গেছে। সবকিছু চূড়ান্ত করে পরে কর্মসূচি ঘোষণা করা হবে। বৈঠকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরা সফর চূড়ান্ত করা হয়েছে। খালেদা জিয়া ৩০ মার্চ শনিবার ব্রাহ্মণবাড়িয়া যাবেন। সেখানে টর্নেডোর আঘাত ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। আর ৩ ও ৪ এপ্রিল যাবেন সাতক্ষীরায়। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারকে সান্ত্বনা দেবেন। সেখানে জনসভায়ও ভাষণ দেবেন। আজকের বৈঠকে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। এতে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ। পরে খালেদা জিয়া হেফাজতে ইসলামের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে হেফাজতের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সূত্র জানায় ৬ এপ্রিলের হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লংমার্চে ১৮ দলের নৈতিক সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়।