২ অক্টোবর কেজরিওয়ালের ঘোষণা
নতুন রাজনৈতিক দল গঠন করবেন ভারতের সমাজসংস্কারক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ২ অক্টোবর এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া কেজরিওয়ালের সাক্ষাত্কারের বরাত দিয়ে আজ মঙ্গলবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়। সিএনএন-আইবিএন চ্যানেলকে গতকাল দেওয়া সাক্ষাত্কারে কেজরিওয়াল বলেন, ‘আমরা ক্ষমতা অর্জনের জন্য রাজনীতিতে প্রবেশ করছি না। আমরা একটি আন্দোলনে আছি। এতেই থাকব। তবে এই আন্দোলনকে শক্তিশালী করতে রাজনীতি একটি হাতিয়ার হিসেবে ব্যবহূত হবে।’ আগামী ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে (ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন) দল গঠনের ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। এর আগে ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনে যুক্ত ব্যক্তিরা জানিয়েছিলেন, গান্ধীজয়ন্তীতে অরবিন্দ কেজরিওয়ালের নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে না। তবে দল গঠনের ব্যাপারে তাঁদের লক্ষ্য ও গঠনতন্ত্রের ব্যাপারে জনগণের মতামত নেওয়া হবে। পরে ওই সূত্র জানায়, তাঁদের সিদ্ধান্ত বদল হয়েছে। গান্ধীজয়ন্তীতেই নতুন দল গঠন করা হবে।রাজনীতিতে প্রবেশের ব্যাপারে কেজরিওয়াল বলেন, ‘হ্যাঁ, আমরা রাজনীতিতে এসেছি। দেশের সামগ্রিক ব্যবস্থাপনাই আমাদের রাজনীতিতে আসতে বাধ্য করেছে। আজ যদি তাঁরা লোকপাল বিল, গ্রামস্বরাজ বিল, রাইট টু রিজেক্ট অ্যান্ড রাইট টু রিকল বিল পাস করে, তাহলে আমরা রাজনীতি থেকে সরে যাব।’ দল গঠিত হওয়া পর্যন্ত কোনো ধরনের তহবিল সংগ্রহ করা হবে না বলে জানান অরবিন্দ কেজরিওয়াল।