২ কোটি পাউন্ডে বিক্রি হলো যে চিত্রকর্মটি
চিত্রশিল্পী ফ্রান্সিস বেকনের আঁকা একটি নগ্ন পোর্ট্রেট দুই কোটি ১০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ২৭৪ কোটি ৮৯ লাখ টাকা।বিবিসির খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার সকালে লন্ডনের বিখ্যাত নিলামঘর ক্রিস্টিতে দুর্লভ ওই চিত্রকর্মটি বিক্রি হয়। ফ্রান্সিস বেকনের আঁকা চিত্রটিতে নগ্নভাবে মডেল হয়েছিলেন হেনরিয়েটা মোরেস নামের এক নারী।চিত্রকর্মটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল এবং গত ১৫ বছরের মধ্যে এটি আর জনসম্মুখে আনা হয়নি। ক্রিস্টি জানিয়েছে, এখানে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চিত্রের মধ্যে এটি অন্যতম। তারা আরও জানায়, সকালের দিকে নিলাম ডাকা হলে অজ্ঞাত এক ব্যক্তি দুই কোটি ১০ লাখ পাউন্ড দিয়ে চিত্রটি কিনে নেন। এর আগে ২০০৮ সালে বেকনের একটি চিত্র উঁচুদরে বিক্রি হয়েছিল বলে বিবিসির খবরে জানানো হয়।ফ্রান্সিস বেকন তাঁর চিত্রের জন্য যেমন বিখ্যাত, মোরেসও চিত্রের মডেল হওয়ার জন্য বিখ্যাত। শুধু বেকনই মোরেসের এক ডজনেরও বেশি পোর্ট্রেট এঁকেছেন। মোরেস শুধু যে বেকনের চিত্রেরই মডেল হয়েছেন তা নয়, তিনি লুসিয়েন ফ্রয়েডেরও অনেক চিত্রকর্মে মডেল হয়েছিলেন।