২ তদন্ত দলের পরিদর্শন, সংগৃহীত নমুনা ঢাকায় প্রেরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজাদপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার ঘটনায় চিকিৎসাবিজ্ঞানীদের দুটি তদন্ত দল আজ শুক্রবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামটি পরিদর্শন করেছে। আক্রান্তদের দেহ থেকে রক্ত নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এ রোগে আক্রান্ত গরুর হাড়গোড় সংগ্রহ করে ঢাকার পশুসম্পদ গবেষণাকেন্দ্রে পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যেই ল্যাবরেটরি পরীক্ষার ফল পাওয়া যাবে।তদন্ত দলে রয়েছেন ঢাকা থেকে স্বাস্থ্য বিভাগের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাকেন্দ্রের (আইইডিসিআর) তিন চিকিত্সাবিজ্ঞানী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র(আইসিডিডিআরবি) থেকে ছয় সদস্যের পাঁচজন চিকিত্সাবিজ্ঞানী ও একজন পশু চিকিত্সাবিজ্ঞানী।ওই এলাকায় সিভিল সার্জন অফিস থেকে বিনা মূল্যে এ রোগের একমাত্র প্রধান ওষুধ সিপরোফ্লোক্সাসিন টেবলেট বিতরণ করা হয়েছে।আক্রান্ত এলাকা পরিদর্শনকালে তাঁরা জানান, এটি এক ধরনের টিউটেনিয়াস অ্যানথ্রাক্স (চামড়ায় সংক্রমিত) ভাইরাস। এই ভাইরাস শুধু পশু থেকে মানুষে সংক্রমিত হয়। মানুষ থেকে মানুষে ছড়ানোর কোনো আশঙ্কা নেই।তদন্ত দলের সদস্য প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সুবোধ কুমার বলেন, এ রোগে আক্রান্তদের হতাশ হওয়ার কিছু নেই। নির্দিষ্ট ওষুধ সেবন করলে তারা ভালো হয়ে যাবে। এটি কোন ছোঁয়াচে রোগ নয়। এ থেকে রোগের বিস্তৃতি ঘটারও কোনো অবকাশ নেই। যারা আক্রান্ত হয়েছিল তারা সবাই এখন সেরে উঠছে।আজ সকালে চিথুলিয়া গ্রামে মাইকিং করে আক্রান্ত রোগী ও অন্য মানুষকে ডেকে এনে সভা করা হয়। এ সভায় তদন্ত দলের প্রধানেরা ছাড়াও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন নূরুল ইসলাম তালুকদার, সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিকুল ইসলামসহ স্থানীয় চিকিত্সকেরা।জেলা পশুপালন কর্মকর্তা বলেন, রোগাক্রান্ত গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। রোগাক্রান্ত গরু মারা গেলে তাকে মাটির নিচে পুঁতে রাখতে হবে। এমনটি করলে এ রোগের বিস্তার ঘটার আশঙ্কা নেই। প্রতিটি গবাদি পশুকে অবশ্যই ভ্যাকসিনের আওতায় আনতে হবে।