২ মে থেকে পল্টন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি বাতিলসহ চার দফা দাবিতে ধর্মভিত্তিক দলগুলোর কর্মসূচি ঠেকাতে আগামী ২ ও ৩ মে রাজধানীর পল্টন এবং এর আশপাশের এলাকায় মিছিল, সভা-সমাবেশ ও গণ-অবস্থান নিষিদ্ধ করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ গতকাল শনিবার এ নিষেধাজ্ঞা জারি করেন।পুলিশ কমিশনারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ ও ৩ মে ইসলামী আন্দোলনসহ একাধিক সংগঠন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। একই স্থানে একাধিক দলের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার এসব এলাকায় সব ধরনের গণ-অবস্থান, সভা-সমাবেশ, মিছিল এবং ছড়ি, লাঠি, বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করেন। ২ মে ভোর ছয়টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।নিষেধাজ্ঞার আওতাধীন এলাকা হলো—মুক্তাঙ্গন, পল্টন ময়দান, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ ফটক, শাপলা চত্বর, ফুলবাড়িয়া, সেগুনবাগিচা, রমনা ও এর আশপাশের এলাকা।