২ মে পল্টন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ মে থেকে রাজধানীর পল্টন ময়দান, মুক্তাঙ্গন, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, ফুলবাড়িয়া, শাপলা চত্বর, সেগুনবাগিচা, দৈনিক বাংলার মোড়, রমনা ও এর আশপাশের এলাকায় সভা, মিছিল, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে গণ-অবস্থান, বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২ মে ভোর ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। আজ সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ২ ও ৩ মে ঢাকার মুক্তাঙ্গনে গণ-অবস্থান করবে বলে ঘোষণা দেয়। ওই কর্মসূচিতে বাধা দেওয়া হলে দলটি সারা দেশে গণ-আন্দোলনের হুমকি দিয়েছে। রাজধানীর পুরানা পল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দিক বিল্লাহ এ হুমকি দেন। ফতোয়াবিরোধী হাইকোর্টের রায়, নারী উন্নয়ন নীতিমালা, শিক্ষানীতি ও সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিলের দাবিতে একই সময়ে একই জায়গায় পরস্পর বিরোধী আরও বেশ কয়েকটি ইসলামী দল তাদের কর্মসূচি ঘোষণা করে।এর পরিপ্রেক্ষিতে ডিএমপি সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।