২ মে বাম মোর্চা, সিপিবি ও বাসদের হরতাল
সাভারে শ্রমিক হত্যার বিচার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে আগামী ২ মে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শনিবার পৃথক সংবাদ সম্মেলন করে এ হরতালের ডাক দেয় গণতান্ত্রিক বাম মোর্চা, সিপিবি ও বাসদ। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। রাজধানীর তোপখানা রোডে গণতান্ত্রিক বাম মোর্চার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এ ধরনের ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এগুলো ধারাবাহিক কাঠামোগত হত্যা, মুনাফার বেপরোয়া লোভের সুনির্দিষ্ট উদ্দেশ্যে শ্রমিকদের ওপর চালানো গণহত্যা। সংবাদ সম্মেলন থেকে রানা প্লাজা, তাজরীন, স্পেকট্রামসহ এ পর্যন্ত ভবনধস ও অগ্নিকাণ্ডের জন্য দায়ী সব মালিক, ব্যবস্থাপক, ভবন পরিকল্পনাকারী ও অনুমোদনকারীর বিচার করে যথার্থ শাস্তির দাবি জানানো হয়।সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক হত্যাকাণ্ডের জন্য দায়ী ভবনমালিক, পোশাক কারখানার মালিক ও সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে সিপিবি-বাসদের নেতারা একই দিনে হরতালের ডাক দেন।