আগামী ২ মের হরতাল কর্মসূচি প্রত্যাহার করতে পারে বিএনপি। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ইতিমধ্যে ওই দিনের হরতাল স্থগিত করেছে।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করেছিলেন, সাভারের উদ্ধারকাজ এরই মধ্যে শেষ হবে। কিন্তু তা শেষ না হওয়ায় এবং প্রধানমন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে তাঁরা হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আজ মঙ্গলবার ১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।এর আগে বামপন্থীদের ডাকা হরতাল কর্মসূচি বিএনপি ‘হাইজ্যাক’ করেছে বলে অভিযোগ তুলে ২ মের হরতাল কর্মসূচি স্থগিত ঘোষণা করে সিপিবি। তবে, একই দিন গণতান্ত্রিক বাম মোর্চা এবং সিপিবির সঙ্গে জোটে থাকা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) হরতাল বহাল রেখেছে। বাম মোর্চা ও বাসদ হরতালের সমর্থনে গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল-সমাবেশও করেছে।সাভারে ভবনধসের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তিসহ ১০ দফা দাবিতে গত শনিবার সকালে সিপিবি ও বাসদ যৌথভাবে এবং বাম মোর্চা পৃথক সংবাদ সম্মেলন করে ২ মে হরতাল কর্মসূচির ঘোষণা দেয়। ওই দিন রাতে ১৮-দলীয় জোট একই দিন হরতালের ঘোষণা দেয়।গতকাল পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে সিপিবির হরতাল স্থগিত করার কারণ ব্যাখ্যা করেন দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বা জোটের বড় কোনো কর্মসূচির দিন অন্য কোনো দল বা জোটের কর্মসূচি ঘোষণা গণতান্ত্রিক রীতিনীতি ও রাজনৈতিক শিষ্টাচারপরিপন্থী। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে সিপিবি-বাসদের দাবি আড়াল করার জন্যই বিএনপি-জামায়াত জোট একই দিনে হরতালের কর্মসূচি দিয়েছে।বাম মোর্চা সমাবেশের আগে গতকাল দুপুরে তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। এতে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠন করে ঝুঁকিপূর্ণ কারখানা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া, সাভারে ভবনধসে নিহত, নিখোঁজ ও আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান, আহত ব্যক্তিদের চিকিৎসার পূর্ণ ব্যয়ভার বহন, পুনর্বাসনসহ ১০ দফা দাবি জানানো হয়।