২ মের হরতাল প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ মে ডাকা হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন। সাভারে চলমান উদ্ধারকাজের কথা বিবেচনা করে মানবিক দিক থেকে হরতাল প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। আজ রোববার সাভারে সম্মিলিত সামরিক হাসপাতাল ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করার পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবির। বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিরোধী দলের প্রতি হরতাল প্রত্যাহারের আবেদন জানাই। হরতাল সফল করতে যে অর্থ ব্যয় করবেন, তা সাভারের উদ্ধারকাজে ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দিন।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এই হরতাল কাদের জন্য? হরতাল কাদের সহায়তা করবে?’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ সময় সাভারে উদ্ধারকাজ চলছে। আহত ব্যক্তিদের চিকিত্সা দেওয়া হচ্ছে ও পুনর্বাসনের কাজ চলছে। বিরোধী দল যে এ সময় হরতাল ডেকেছে, এটা খুব হতাশাজনক। রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতে পালিয়ে গেলেও সরকার তাঁকে ফিরিয়ে আনত। তাঁকে পালানোর কোনো সুযোগ দেওয়া হতো না। রানা প্লাজার পোশাক কারখানার শ্রমিকদের পুনর্বাসনের ব্যাপারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ফিনিশড লেদার ও লেদার প্রোডাক্টস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স রানা প্লাজার কারখানাগুলোর এক হাজার শ্রমিককে কাজ দেবে। ওই ভবনের পোশাক কারখানার শ্রমিকেরা কেউ বেকার থাকবেন না। বিভিন্ন পোশাক কারখানায় তাঁদের কাজ দেওয়া হবে। পোশাক কারখানাগুলোর মালিকেরা প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান। ভবনধসের ঘটনায় যাঁরা অঙ্গ হারিয়েছেন, তাঁদের জন্য সরকার কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সাভারে উদ্ধারকাজ পরিদর্শন আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে ধসে পড়া ভবনের উদ্ধারকাজ পরিদর্শন ও আহত ব্যক্তিদের দেখতে যান।সকাল সাড়ে নয়টার দিকে শেখ হাসিনা রানা প্লাজার দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় উদ্ধারকারী দলের সদস্য ও সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাঁকে উদ্ধারকাজ সম্পর্কে জানান।সকাল পৌনে ১০টার দিকে রানা প্লাজার সামনে থেকে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এর আগে শেখ হাসিনা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি ভবনধসে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন।২৪ এপ্রিল বুধবার সকাল পৌনে নয়টার দিকে নয়তলা রানা প্লাজা ধসে পড়ে। এতে প্রায় চার শ লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক লোক।