২টি পারমাণবিক চুল্লি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়া
দুটি পারমাণবিক চুল্লিতে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, এমন অভিযোগ প্রমাণিত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সরকার আজ সোমবার চুল্লিগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে। সরকার জানিয়েছে, জাল সনদপত্র দেখিয়ে ওই সব যন্ত্রাংশ চুল্লিগুলোতে সরবরাহ করা হয়।দেশটির জ্ঞান অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চুল্লিগুলোর যন্ত্রাংশ পরিবর্তন করে সেগুলো আবার চালু করতে অনেক সময় লেগে যেতে পারে। আর কিছুদিন পরেই শীত নামবে। এমন সময় জনগণের সমস্যা বাড়তে পারে।সিএনএন বলছে, ২০১১ সালে ভূমিকম্প ও সুনামির পর জাপানের ফুকুশিমা পারমাণবিক চুল্লিতে বিপর্যয় দেখা দেওয়ার পর বিশ্বের বিভিন্ন পারমাণবিক চুল্লির নিরাপত্তার প্রশ্নটি সামনে আসে। এ কারণে অনেক দেশে চুল্লিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেগুলোর যন্ত্রাংশ পরীক্ষা শুরু হয়। দক্ষিণ কোরিয়ার সরকার এভাবেই চুল্লি দুটিতে ব্যবহূত নিম্নমানের যন্ত্রাংশের খোঁজ পায়।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আটটি সরবরাহকারী প্রতিষ্ঠান ২০০৩ থেকে ২০১২ সালের মধ্যে কোরিয়ান হাইড্রো অ্যান্ড নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি পরিচালিত একটি প্রকল্পে মোট সাত হাজার ৬৮২টি ভেজাল যন্ত্রাংশ সরবরাহ করে। এসব যন্ত্রাংশের মূল্য প্রায় সাড়ে সাত লাখ ডলার। যন্ত্রাংশগুলোর অধিকাংশই ব্যবহূত হয়েছে ইয়াংওয়ান নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে।সিএনএনের খবরে বলা হয়, ওই পারমাণবিক চুল্লি দুটি থেকে দেশটির মোট উত্পাদিত বিদ্যুতের পাঁচ শতাংশ সরবরাহ করা হত।