বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ১৩ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে করা মামলায় ২০ জওয়ানের বিরুদ্ধে গতকাল বুধবার সাক্ষ্য দিয়েছেন হাবিলদার আবু তাহের। প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি সাক্ষ্য দেন। তাঁদের মধ্যে আটজন আসামি তাঁকে জেরা করেন। এ ছাড়া মামলার বাদী সুবেদার মোহাম্মদ ফরিদউদ্দিন আহমেদকে জেরা করেন ১৯ আসামি। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮-এ এই মামলার বিচারকাজ চলছে। বিডিআরের উপমহাপরিচালক (ডিডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হকের সভাপতিত্বে গতকাল সকালে আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতের অন্য সদস্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল সেরাজুল হক ও মেজর জাহিদুর রহমান খান। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী। এ মামলায় আসামি হলেন ৬২২ জন। গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়।আদালতের কার্যক্রম শুরু হলে বাদীকে জেরা করেন ১৯ আসামি। তিনি যে ৬৩ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, তাঁদের মধ্যে ৪৪ জন গত দুই দিন তাঁকে জেরা করেন। নিয়মানুযায়ী বাকি ১৯ জন জেরা করেন কাল।বাদীকে জেরা শেষ হলে সাক্ষ্য দেন হাবিলদার আবু তাহের। ২০ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য উপস্থাপন করে তাহের বলেন, ২৫ ফেব্রুয়ারি তিনি বিডিআর সদর দপ্তরের ৩ নম্বর গেটে গার্ড কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। ওই দিন সকাল সাড়ে নয়টার দিকে গেটে আরপি (রাইফেল্স পুলিশ) কমান্ডার নায়েক শরিফুল ইসলামের ওয়্যারলেস সেটে একটি কল আসে। শরিফুল কলটি রিসিভ করেন। তিনি কলটির ব্যাপারে জানতে চাইলে নায়েক শরিফুল উত্তর না দিয়ে তাঁকে ধমক দিয়ে সেটটি নিয়ে ৪ নম্বর গেটের দিকে চলে যান।আবু তাহের বলেন, ঘটনার দিন গার্ডরুমের সামনের রাস্তায় দাঁড়িয়ে তিনি বিদ্রোহীদের তাণ্ডব দেখেছেন। একটি পাজেরো গাড়িতে করে মুখে লাল কাপড় বেঁধে তিন বিদ্রোহী গার্ডরুমের সামনে এসে তাঁকে মারধর করেন। তাঁদের মধ্যে সেপাই শেখ হূদয় বিডিআরের উপমহাপরিচালকের বাসভবন লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। ভয় পেয়ে তিনি (তাহের) গার্ডরুমে চলে যান। পরে বিদ্রোহীরা চলে গেলে পিলখানায় পুলিশ ও সেনাবাহিনী না যাওয়া পর্যন্ত তিনি বিদ্রোহীদের ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ পাহারা দেন। তাঁর বক্তব্য শেষে আট আসামি তাঁকে জেরা করেন।