২০ এপ্রিল প্রবাসী কল্যাণ ব্যাংক কাজ শুরু করবে: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০ এপ্রিল প্রবাসী কল্যাণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। প্রবাসীরা যাতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও সহজে রেমিট্যান্স পাঠাতে পারে সে ব্যাপারে সহায়তা দেওয়াই ব্যাংকটির উদ্দেশ্য। আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ জুনাইদ আহমদ পলকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী ২০ এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রসেসের মন্ত্রী-পর্যায়ের চতুর্থ সম্মেলন উদ্বোধনের দিনই প্রবাসী কল্যাণ ব্যাংকের আনুষ্ঠানিক কাজ শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসংস্থানের উদ্দেশে বিদেশে গমনেচ্ছু বাংলাদেশি বেকার যুবকদের সহায়তা প্রদান, প্রবাসী বাংলাদেশিদের দেশে প্রত্যাগমনের পর কর্মসংস্থানে সহায়তা দেওয়া হবে। অপর একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের জন্য নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান করা হচ্ছে। সে লক্ষ্যে পাঁচটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। যারা খুব শিগগিরই ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় শ্রমবাজার সফর করবে।