২০ গ্রামের মানুষের দুঃখ বালু নদ
‘ওই নদীর পানি ধানখেতে দিলে পোকা লাগে। কীটনাশক দিলেও সেই পোকা মরে না। নদীতে মাছ ধরে বহু মানুষ সংসার চালাত, এখন বিষ-পানিতে মাছ মরে ভেসে ওঠে। পানি কোনো কাজেই লাগে না।’বালু নদের দূষণ সম্পর্কে এভাবেই বর্ণনা দেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পাতারটেক গ্রামের কৃষক প্রফুল্ল চন্দ্র দাস (৬০)। তিনি জানান, তাঁর এক বিঘা জমি বালু নদের বিষাক্ত পানিতে নষ্ট হয়ে গেছে।বালু নদে জাল ফেলে জীবিকা নির্বাহ করত বিরাট এক জনগোষ্ঠী। নদের পানি দিয়েই ফসল ফলাত। সেই নদই এখন এলাকার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলেছে। পুবাইল ইউনিয়নের উদুর গ্রামের কিশোর চন্দ্র দাস (৭০) বলেন, ‘নদীতে জাল ফেলতাম। অনেক মাছ পেতাম। বাজারে বিক্রি করতাম। নিজেদের বাজার থেকে মাছ কিনতে হতো না।’ এখন আগের চেয়ে আরও বেশি সময় ধরে জাল ফেলে কোনো মাছ পাওয়া যায় না। এই নদীর পানি তাঁর কোনো কাজেই লাগে না। পারিবারিক প্রয়োজন মেটান নলকূপের পানি দিয়ে।ঢাকার ডেমরার কায়েতপাড়া থেকে গাজীপুরের উলুখোলা পর্যন্ত বালু নদ। একদিকে শীতলক্ষ্যা, অন্যদিকে তুরাগের সঙ্গে মিশেছে এই নদ। নদ বয়ে গেছে গাজীপুর সদরের পুবাইল ও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভেতর দিয়ে। তুরাগ আর শীতলক্ষ্যার দূষণ ভাগ করে নিতে হয় বালু নদকে। এ ছাড়া বালু নদের পাড়েই আছে অনেক শিল্প-কল-কারখানা। নির্বিচারে তাদের বর্জ্য এসে মিশছে এই নদে।নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে কথা হয় নানা বয়সী বিভিন্ন পেশার মানুষের সঙ্গে। তাঁরা প্রত্যেকে জানান, এই নদের পানি ব্যবহারের উপযোগী নয়। কৃষিকাজে তাঁরা এই পানি ব্যবহার করতে পারছেন না। পরিবারের ধোয়ামোছার কাজেও নয়। নদে মাছ ধরার ব্যাপারেও কারও আগ্রহ নেই।নগরবেলা গ্রামের ব্যবসায়ী মোতাহার হোসেন (৪৮) জানান, আগে এ নদে মিঠা পানি ছিল। এখন পানির রং কালো। গাজীপুরের পুবাইল, নাগরী, ভাইরা ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম দূষণের শিকার। এর মধ্যে নাগরী, সেনপাড়া, নগরবেলা, বীরতুল, বিন্দান, নবাপাড়া, উলুখোলা, উদুর, ছকুলিয়া, পিপলিয়া, পুবাইল, কয়ের, রায়েরদিয়া, কড়াইখালী, বড়কাণ্ড গ্রাম উল্লেখযোগ্য। এসব গ্রামের কয়েক লাখ মানুষের দুঃখ হয়ে দেখা দিয়েছে বালু নদ। এই দুঃখ শোনার কেউ নেই। দূষণ কমানোর কোনো উদ্যোগ তাঁদের চোখে পড়ে না।উলুখোলা গ্রামবাসী জানান, ২০ বছর আগেও বালু নদ ব্যবহারের উপযোগী ছিল। ওই সময় উলুখোলা এলাকায় নদের গভীরতা ছিল প্রায় ২০ ফুট। এখন গভীরতা কমেছে। কোনো কোনো জায়গায় নদ হেঁটেই পার হওয়া যায়। একসময় নদে সহজে লোক চলাচল করত। এখন সে অবস্থা নেই। দূষণের কারণে দুর্গন্ধ আসে, তাই লোকজন আর নৌকায় ওঠে না। নৌ চলাচলও বন্ধ হয়ে গেছে।বয়স্ক ব্যক্তিরা জানান, নদে পুঁটি, টেংরা, শোল, গজার, বোয়াল, রুই, কাতলা, শিং, মাগুর, কই, খলিশা, ইচা, বেলে, টাকি, বড় চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত। মিঠা পানির এসব মাছ ধরে এলাকার অনেক মানুষ জীবিকা নির্বাহ করত। এখন নদে মাছ নেই। তাঁরা বললেন, ছোট পুঁটি আছে। তবে তা কেউ ধরে না। নদে কারখানার বর্জ্য হঠাৎ বেশি ফেলা হলে পুঁটি মাছ মরে ভেসে ওঠে।উলুখোলা বাজারের ব্যবসায়ী কামরুজ্জামান (২৭) বলেন, বালু নদ একসময় এ এলাকার মানুষের জীবন-জীবিকার সঙ্গে মিশে ছিল। এখন নদ আছে ঠিকই, কিন্তু মানুষের কোনো কাজে আসছে না। উল্টো অনেক ক্ষতির কারণ হয়ে দেখা দিচ্ছে। নদের দূষিত পানি যখন নিচু কোনো ফসলের মাঠে ঢুকে পড়ে, ফসল নষ্ট হয়। কৃষকের দুঃখ বাড়ে।নাগরী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদ উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, বালু নদের দূষণ এলাকার মানুষের অনেক ক্ষতি করছে। দূষণের কারণে জীবনযাপনের ধারাই বদলে গেছে। আগে যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত, তারা পেশা ছেড়ে অন্য কাজ করছে। অনেকে শহরে চলে গেছে কাজের খোঁজে।গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা ছাইদুর রহমান বলেন, কৃষিজমিতে দূষিত পানি যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ফলে এলাকায় ফসলি জমিও কমছে। দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি বলেন, বিশেষ করে গার্মেন্টসের দূষিত পানি যাতে ফসলি জমিতে যেতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে।বালু নদ দূষণমুক্ত করার কোনো উদ্যোগ আছে কি না, নদের তীরের মানুষ তা জানে না। তবে তারা বিশ্বাস করে, সরকার আন্তরিকভাবে চাইলে নদের জীবন ফিরিয়ে দিতে পারে।নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ মোড়ল জানান, টঙ্গীর গার্মেন্টস কারখানাগুলো থেকে আসা পানি বালু নদ দূষণের মূল কারণ। দিন দিন দূষণের মাত্রা বাড়ছে। তিনি আরও জানান, এই দূষণের হাত থেকে নদ ও মানুষকে রক্ষা করতে সরকারকে জরুরি কার্যকর উদ্যোগ নিতে হবে।