রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের মধুপুর-জামতলী বাজার সড়কের মানাস নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেখানে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে লোকজনকে অতি কষ্টে নদী পারাপার হতে হয়। ফলে নদীপাড়ের ২০ গ্রামের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।জামতলীতে বাঁশের সাঁকোসংলগ্ন এলাকা ঘুরে জানা যায়, উপজেলার নিলাম খরিদা সদরা, আরাজি কানুয়া, জামতলী, ছড়ারখুঁটি, বাজেমস্কুর ও পীরগাছা উপজেলার জগজীবন, কালা, প্রতাপ জয়সেন, গবরাপাড়া, মমিন বাজার, সাতদরগা ও ব্রাহ্মনিকুণ্ডাসহ ২০ গ্রামের মানুষকে দীর্ঘদিনেও সেতু নির্মিত না হওয়ায় এ সাঁকো দিয়ে অতি কষ্টে পারাপার হতে হচ্ছে। সাঁকোর উত্তর পার্শ্বে স্কুল, কলেজ, মাদ্রাসা ও টেপামধুপুর হাট থাকায় জনগুরুত্বপূর্ণ এ সাঁকোর ওপর দিয়ে চলাচল করতে হয়। শুকনো মৌসুমে সাঁকোটি ব্যবহার করা গেলেও বর্ষাকালে তা ভেঙে যায়। তখন পারাপারে কলাগাছের ভেলাই একমাত্র ভরসা।নিলাম খরিদা সদরা গ্রামের কৃষক আবদুল মান্নান (৪৫) অভিযোগ করে বলেন, সেতু না থাকায় উত্পাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। একই গ্রামের লিচুবাগান মালিক দীনবন্ধু বর্মণ জানান, এখানকার উত্পাদিত লিচু দেশের বিভিন্ন স্থানে যায়। কিন্তু খারাপ যোগাযোগের কারণে কম মূল্যে তাঁদের লিচু বিক্রি করতে হয়। কলেজ পড়ুয়া মোকচ্ছেদ আলী, রীমা ও তনিমাসহ অনেকে জানান, বর্ষায় সাঁকো ভেঙে পড়লে তখন পারাপারে কষ্ট হয়। নিলাম খরিদা সদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম বর্মণ জানান, সেতু না থাকায় কাউনিয়া ও পীরগাছা উপজেলার ২০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সেতুটি নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে এ এলাকার সার্বিক চিত্র পাল্টে যাবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাসেম জানান, বাঁশের সাঁকোর ওপর সেতু হওয়া অত্যন্ত জরুরি। প্রতিদিন কাউনিয়া ও পীরগাছা উপজেলার শত শত মানুষ ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে।টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, টেপামধুপুর বাজার থেকে জামতলী বাজার সড়কের মানাস নদীর ওপর সেতু না থাকায় লোকজনের পারাপারে দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি উপজেলা সমন্বয় সভায় কয়েকবার আলোচনা করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে ওই স্থানে জরুরি ভিত্তিতে সেতুটি নির্মাণ করা দরকার। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় জনগুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২-এর আওতায় উপজেলার টেপামধুপুর বাজার থেকে জামতলী বাজার সড়কের মানাস নদীর ওপর ৩৬ মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা প্রকৌশলী মো. আলাউদ্দিন হোসেন বলেন, ‘জনগুরুত্বপূর্ণ এ সেতুটি নির্মাণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে সেতুটির নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি শিগগিরই টেন্ডারসহ সেতু নির্মাণের কাজ শুরু হবে।