২০ ঘণ্টা পর কাবুলে সংঘর্ষ থেমেছে
আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক ও সামরিক এলাকা প্রায় ২০ ঘণ্টার পর আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। নিরাপত্তা বাহিনী সর্বশেষ ছয় হামলাকারীকে হত্যা করার পর সংঘর্ষ থেমে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ বুধবার এ কথা জানান। গতকাল মঙ্গলবার বিকেলে তালেবান জঙ্গিরা বোমা ও ভারী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীর (আইএসএএফ) সদর দপ্তর, মার্কিন দূতাবাস ও আফগান গোয়েন্দা সংস্থার কার্যালয়ে সমন্বিত হামলা চালায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছেদিক ছেদিক্কি টুইটারে বলেন, ‘পুলিশ ছয় সন্ত্রাসীকে হত্যা করার পর অভিযান শেষ হয়েছে। হতাহতের বিস্তারিত খবর পরে জানানো হবে।’বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল বিকেলে জঙ্গিরা নির্মাণাধীন একটি বহুলতল ভবনে অবস্থান নিয়ে মার্কিন দূতাবাসসহ অন্যান্য দূতাবাস ও ন্যাটোর নেতৃত্বাধীন বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলা চালায়। ন্যাটো বাহিনীর সহযোগিতায় আফগান নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার দিয়ে ওই ভবনে অভিযান চালায়। গতকাল রাতভর তাদের মধ্যে সংঘর্ষ চলে। এ ছাড়া কাবুলের অন্য একাটি অংশে পুলিশ ভবনকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। রয়টার্স জানায়, জঙ্গিদের চারটি হামলায় কমপক্ষে নয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। তবে মার্কিন ও ব্রিটিশ দূতাবাস এবং আইএসএএফ জানিয়েছে, তাদের কর্মীরা অক্ষত রয়েছেন।