২০ ঘণ্টা পর ফেরি চালু
টানা ২০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার বেলা দুইটা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ফেরি দিয়ে শুধু জরুরি পণ্য পরিবহন করা হবে, যাত্রী পারাপার নয়।প্রবল স্রোতের কারণে গতকাল সন্ধ্যা ছয়টায় মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আজ বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন এবং জরুরি পণ্য পরিবহনের জন্য ফেরি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেন। বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আশিকুজ্জামান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, ১৫টি ফেরির মধ্যে ছয়টি চলবে। এর মধ্যে দুটি রো রো ও অন্য চারটি মাঝারি আকারের ফেরি। বৈঠকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান খন্দকার শামসুজ্জোহা, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদ্মার পানি বিপত্সীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।