২০ ছাত্র আহত, ১০টি পোলট্রি ফার্ম ও কয়েক শ কাঁচাঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চারটি গ্রামে গত রোববার রাতে কালবৈশাখী ঝড়ে একটি কলেজের ছাত্রাবাসের উপড়ানো টিনের চালের আঘাতে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তার ঘণ্টা তিনেক পরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ঝড়ে পুকুরের ওপরে স্থাপিত ১০টি পোলট্রি ফার্ম ভেঙে পড়লে প্রায় ৫০ হাজার মুরগি পানিতে ডুবে মারা যায়। এ ছাড়া সরাইলে গতকাল রাত ১০টা থেকে প্রায় এক ঘণ্টা স্থায়ী ঝড়ে দুবাজাইল, ধামাউড়া, রাজাপুর ও অয়ুওয়াইল গ্রামের শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত হয়, উপড়ে পড়ে ৫০টিরও বেশি বৈদ্যুতিক খুঁটি। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিধ্বস্ত পোলট্রি ফার্মগুলোর মালিকেরা দাবি করেছেন, ঝড়ে তাঁদের এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব ক্ষুদ্র পোলট্রি ব্যবসায়ী আশা ও ব্র্যাক থেকে ঋণ নিয়ে তাঁদের ফার্মগুলো গড়ে তুলেছিলেন। ঝড়ে উপজেলাটিতে প্রায় ৫০০ কাঁচাঘর ভেঙে পড়ে এবং স্থানীয় ইটভাটাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুরো এলাকার বিদ্যুত্ সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. আলী আকবর বলেছেন, এখানে জরুরি ভিত্তিতে সরকারি সহযোগিতা প্রয়োজন।