২০ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদকে শক্তিশালী ও স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার হিসেবে গড়ে তুলতে ১০ দফা দাবি উত্থাপন করেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। তাঁরা ২০ জানুয়ারির মধ্যে দাবি মেনে নিতে সরকারের কাছে সময়সীমা বেঁধে দিয়ে বলেছেন, অন্যথায় ২১ জানুয়ারি তাঁরা ঢাকায় সমাবেশ করে কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন।গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা ১০ দফা দাবি উত্থাপন করেন। তাঁরা উপজেলা পরিষদ কার্যকর করতে সরকারের জারি করা প্রজ্ঞাপনকে শুভংকরের ফাঁকি আখ্যা দিয়ে শিগগিরই তা সংশোধনের দাবি জানান। গত ৩০ ডিসেম্বর সরকার উপজেলা পরিষদকে কার্যকর করার লক্ষ্যে প্রজ্ঞাপন জারি করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান আবদুল মজিদ। তাঁদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে: সংবিধানের আলোকে উপজেলা পরিষদকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যকর করা, সুনির্দিষ্ট নীতিমালার আলোকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে ভারসাম্যপূর্ণভাবে জাতীয় সম্পদ বণ্টন, সংসদে স্থানীয় সরকারের জন্য পৃথক বাজেট ঘোষণা, স্থানীয় সরকারের জন্য পঞ্চবার্ষিক ও বার্ষিক পরিকল্পনা, অবিলম্বে ভারসাম্যপূর্ণ আইন করে জেলা পরিষদ পুনর্গঠন, নতুন আইন করে শক্তিশালী স্থানীয় সরকার কমিশন গঠন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য একীভূত ‘মাদার ল’ প্রণয়ন এবং পেশাদার স্থানীয় সরকার বাহিনী গঠন। এ ছাড়া সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার কার্যকর করতে বিদ্যমান আইনের ১ ও ২ ধারায় উপদেষ্টাসংক্রান্ত ধারা বাতিল করা, সংরক্ষিত নারী আসনের এক-তৃতীয়াংশ শূন্যপদ পূরণ, পরিষদের প্রধান নির্বাহী হিসেবে চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব পালনের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ আরও কয়েকটি দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘সরকার আমাদের গমচোর বানাতে চায়। কিন্তু আমরা গম চুরি করতে আসিনি। আমরা এসেছি জনগণের কাজ করতে। একটার পর একটা আইন করে আমাদের সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের জন্য কোনো সম্মানী, ভাতা ও পিয়ন নেই। আমরা বাড়ি-গাড়ি চাই না। স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক বুনিয়াদ চাই।’সংবাদ সম্মেলনের আয়োজক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অনেকে নিজেদের আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা হিসেবে দাবি করেন। তবে ১০ দফা দাবির সঙ্গে দলীয় সম্পর্ক নেই উল্লেখ করে তাঁরা বলেন, এই দাবি জনগণের। তাই তাঁরা তাঁদের দায়িত্ব বুঝে নিতে চান। আগামী ২০ জানুয়ারির মধ্যে সরকার দাবি না মানলে ২১ জানুয়ারি সমাবেশ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঝিকরগাছার চেয়ারম্যান আমিনুল হক, সিংড়ার ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, আনোয়ারার রেহেনা বেগম, পার্বতীপুরের রেজাউল করিম, ঝালকাঠির মোস্তাফিজুর রহমান, গোবিন্দগঞ্জের মোহাম্মদ হোসেন, বোয়ালমারীর মোহাম্মদ রাসেল, গাজীপুরের জাহাঙ্গীর আলম ও মানিকগঞ্জের আতাউল হক উপস্থিত ছিলেন।