বঙ্গোপসাগরে বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের গুলিদ্ধারে ট্রলার ডুবিতে নিখোঁজ ২৫ জেলের মধ্যে ২০ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পাঁচজনের সন্ধানে সাগরে অভিযান অব্যাহত রয়েছে।আজ মঙ্গলবার সকালে মাছধরা ট্রলার এফবি হালিমার সহায়তায় নিখোঁজ হওয়া ২৫ জন জেলের ২০ জনকে উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া জেলেরা জানান, ট্রলার এফবি হালিমার সহায়তায় সাগরের বালুচর থেকে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের সবার বাড়ি সরল ইউনিয়নের জালিয়াখালী ও কাহারঘোনা গ্রামে।ট্রলারের মালিক ছমুদুল হক জানান, মাছধরা ট্রলার ডুবে যাওয়ায় তাঁর ১৮টি জাল, ট্রলারসহ ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখনো নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চলছে।উল্লেখ্য, বাঁশখালীর জালিয়াখালী এলাকা হতে মাছধরা ট্রলার এফবি নিশানে রব গত শনিবার রাতে বঙ্গোপসাগরে ঘূর্ণি বাতাস ও নিম্নচাপ সৃষ্টি হলে বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের গুলিদ্ধার নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। সে সময় ট্রলারটিসহ ২৫ জেলে নিখোঁজ হয়।