২০ টাকার ফি এক হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশে তোপখানা রোডের ফুটপাতে টাইপ মেশিন নিয়ে বসেন অনেক টাইপরাইটার। এখানে আছে পত্রিকার দোকান। সব দোকানের সামনেই ছোট্ট কাগজে লেখা রয়েছে ‘নোটারি ও অনুবাদ করা হয়’, ‘নোটারি করিয়ে দেওয়া হয়’—এ ধরনের সাইনবোর্ড। এখানকার একাধিক টাইপরাইটার জানান, তাঁরা সরকার অনুমোদিত নোটারি পাবলিক দিয়ে নোটারি (প্রমাণীকরণের) কাজ করিয়ে দেন। অথচ ১৯৬৪ সালের নোটারি বিধিমালা (৬০ক) অনুযায়ী, একজন নোটারি পাবলিকের নির্দিষ্ট কার্যালয় থাকতে হবে। আর নোটারি করার সাইনবোর্ড কার্যালয় ছাড়া অন্য কোথাও দেওয়া যাবে না।বিভিন্ন গুরুত্বপূর্ণ সনদ ও দলিল বৈধ কি না, তা যাচাই-বাছাই করা নোটারি পাবলিকের কাজ। অথচ রাজধানী ঢাকাসহ সারা দেশেই প্রমাণীকরণের কাজে চলছে নানা রকম অনিয়ম। এর মধ্যে রয়েছে প্রার্থীর অনুপস্থিতিতে নোটারিয়ান কাজ সম্পাদন ও ভুয়া কাগজপত্রে নোটারিয়ান করা। এ ছাড়া আছে স্বঘোষিত নোটারি পাবলিক ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। আর নোটারিয়ান কাজ করতে প্রার্থীদের কাছ থেকে সরকার-নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে জনগুরুত্বপূর্ণ কাজটি প্রহসনে পরিণত হয়েছে বলে কয়েকজন আইনবিদ জানান। তাঁদের মতে, নাকের ডগায় প্রমাণীকরণের কাজে অনিয়ম ঘটতে থাকলেও তা দূরীকরণে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিবের দপ্তর থেকে জানা যায়, বর্তমানে সারা দেশে ৭৫০ জন নোটারি পাবলিক আছেন। এর মধ্যে ঢাকা নগরে কর্মরত আছেন ২০০ জন। কিন্তু খোদ ঢাকায়ই হাজারখানেক নোটারি পাবলিক হিসেবে কাজ করছেন। সারা দেশে অবৈধ নোটারি পাবলিকের সংখ্যা হবে কয়েক হাজার। এসব ভুয়া নোটারি পাবলিককে শনাক্ত করা ও তাঁদের কার্যক্রম বন্ধ করতে সরকার থেকে এ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা যায়।সরকার অনুমোদিত একাধিক নোটারি পাবলিক জানান, ঢাকায় এমন অনেক অবৈধ নোটারি পাবলিক আছেন, যাঁরা নিজেরাই সিলমোহর বানিয়ে নিয়েছেন। এ ছাড়া অনেক দালাল মৃত নোটারি পাবলিকের সিলমোহর ব্যবহার করে নোটারিয়ান কাজ করছেন। তাঁরা বেশির ভাগ কাজ হাতিয়ে নেওয়ায় সৎ নোটারি পাবলিকেরা বেকার হয়ে পড়েছেন। ভুয়া নোটারি পাবলিকেরা অনেক ক্ষেত্রে সাদা কাগজে নোটারিয়ান কাজ সম্পন্ন করে অপরাধী চক্রকে বিভিন্নভাবে অপরাধ করতে সহযোগিতা করছেন। বয়সের মিথ্যা তথ্য দেওয়া সনদ, বিবাহবিচ্ছেদ ও মামলার কাজে মিথ্যা হলফনামা, পেছনের তারিখে দলিল তৈরি, মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে আমমোক্তারনামা বানানো, মিথ্যা চুক্তিপত্র, ভুয়া আপসনামা প্রভৃতিসহ বিভিন্ন ধরনের মিথ্যা সনদ এবং দলিল সম্পাদনের কাজ করছেন একশ্রেণীর অবৈধ নোটারি পাবলিক।অনুসন্ধানে জানা যায়, ভুয়া নোটারি পাবলিক ছাড়াও একশ্রেণীর বৈধ নোটারি পাবলিক সাধারণ মানুষকে ঠকাচ্ছেন। তাঁরা নোটারিয়ান কাজে আসা মানুষের কাছ থেকে ইচ্ছামতো ফি আদায় করছেন। সরকার-নির্ধারিত ফি সত্যায়নের কাজে ১০ টাকা, আর যেকোনো স্ট্যাম্পে হলফনামা, চুক্তিপত্রের ক্ষেত্রে ২০-২৫ টাকা। অথচ অনেক নোটারি পাবলিক প্রার্থীদের কাছ থেকে ৫০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত আদায় করে থাকে।এদিকে অনেক নোটারি পাবলিকের ফাঁদে পড়ে প্রার্থীরা অর্থ আর সময় দ্বিমুখী ক্ষতির শিকার হচ্ছেন। এ প্রসঙ্গে ঢাকার গুলশানে থাকা ইউরোপের একটি রাষ্ট্রের কনস্যুলেট অফিসে কর্মরত একজন কর্মকর্তা জানান, তাঁর এখানে একটি কাগজ প্রমাণীকরণ করতে এসেছিলেন এক ভদ্রলোক। তিনি যাচাই করতে গিয়ে দেখেন, সেটিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া সত্যায়নটি মিলছে না। পরে তিনি কাগজটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠালে তারাও সত্যায়নের সই নকল বলে চিহ্নিত করে। এ বিষয়ে প্রার্থী তাঁকে জানান, নোটারি পাবলিক এক হাজার টাকা নিয়ে সবকিছু করে দিয়েছেন। সই নকল না আসল, তা তিনি জানেন না।অনেক নোটারি পাবলিক নোটারিয়ান কাজ করার সময় প্রার্থীর সংশ্লিষ্ট কাগজে ক্রমিক (সিরিয়াল) দিচ্ছেন না। এ রকম কাগজ আইন মন্ত্রণালয়ে সত্যায়নের জন্য নিয়ে গেলে তারা আবার ক্রমিক নম্বর নেওয়ার জন্য নোটারি পাবলিকের কাছে ফেরত পাঠায়। কিন্তু যাঁরা ঢাকার বাইরের নোটারি পাবলিক দিয়ে নোটারি করিয়ে ঢাকার আইন মন্ত্রণালয়ে সত্যায়ন করতে আসেন, তাঁদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তাঁদের বেশির ভাগকেই ঢাকার কোনো নোটারি পাবলিক দিয়ে আবার নোটারি করিয়ে নিতে হয়।আবার যাঁর কাগজপত্র নোটারিয়ান কাজ করতে হবে, সেই কাজের সময় তাঁর নোটারি পাবলিকের সামনে উপস্থিত থাকার নিয়ম রয়েছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই প্রার্থীর বদলে তাঁর আত্মীয় কিংবা দালাল নোটারি পাবলিকের সামনে থাকছেন। নোটারিয়ান কাজে নানা অনিয়ম প্রসঙ্গে বাংলাদেশ নোটারি পাবলিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আজহারুল ইসলাম জানান, অবৈধ নোটারি পাবলিকেরা মূলত অনিয়মের সঙ্গে জড়িত। তাঁদের ধরে শাস্তি দিলেই প্রমাণীকরণের কাজে অনিয়ম কমে যাবে। আবার নোটারি বিধিমালা যুগোপযোগী করা উচিত। সত্যায়নের কাজে ১০ টাকার বদলে অন্তত ৫০ টাকা হওয়া উচিত। আর যেকোনো স্ট্যাম্পে হলফনামার ক্ষেত্রে ২০ টাকার জায়গায় ২০০ টাকা হওয়া উচিত। আমমোক্তারনামা তৈরির ক্ষেত্রে ফি ধার্য করা উচিত ৫০০ টাকা। আর অখণ্ডনীয় আমমোক্তারনামার ক্ষেত্রে ফি হওয়া উচিত এক হাজার টাকা। অংশীদারি চুক্তিনামার ক্ষেত্রে এক হাজার টাকা ফি হওয়া উচিত। বর্তমানে নোটারিয়ান সার্টিফিকেট ১০০ টাকার স্ট্যাম্পে করতে গেলে সরকার-নির্ধারিত ফি হচ্ছে ১৩০ টাকা। এই ফি ৫০০ টাকা করার দাবি করেন আজহারুল ইসলাম।আজহারুল ইসলাম জানান, নোটারি পাবলিকের নানা কর্মকাণ্ডের ফি বর্তমান সময়ের সঙ্গে সংগতিপূর্ণ করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে অনেক আগেই। কিন্তু তা চূড়ান্ত হতে বছরের পর বছর সময় লাগছে। কারণ উদ্যোগের নথি আইন মন্ত্রণালয়ে চাপা পড়ে আছে।সময়ের সঙ্গে তাল মিলিয়ে নোটারি বিধিমালাটি সংশোধন করা দরকার বলে স্বীকার করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মফিজুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, নোটারি পাবলিকদের বিরুদ্ধে অনিয়মের কোনো সুনির্দিষ্ট অভিযোগ করা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। এখন পর্যন্ত অনিয়মের কোনো অভিযোগ আসেনি বলে তিনি জানান।