দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণে যত দ্রুত সম্ভব সাফটা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি রেল ও সড়ক পথে যোগাযোগ বাড়াতে হবে। আর আঞ্চলিক জোটটিকে আরও শক্তিশালী করতে পর্যবেক্ষকদের সংলাপে অংশীদার করার বিষয়টিও যাচাই করে দেখতে হবে।এগুলোসহ ২০ দফা আদ্দু ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে মালদ্বীপের আদ্দু সিটিতে আজ শুক্রবার বিকেলে শেষ হয়েছে ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন। ২০টি বিষয় এতে অন্তর্ভুক্ত হলেও এবারকার শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সেতুবন্ধ’। কিন্তু সরাসরি এ অঞ্চলের মানুষে মানুষে মেলবন্ধন কিংবা এক দেশ থেকে অন্য দেশে লোকজনের চলাচল সুগম করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি সার্কের নেতারা। দুই দিনের শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে আজ ঘোষণা করা হয় সার্কের ১৮তম শীর্ষ সম্মেলন ২০১৩ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে কাঠমান্ডুতে।বিলম্বিত সমাপনী অধিবেশন: নির্ধারিত সময়ের ৩২ মিনিট পর শুরু হয় সার্ক শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিদের সভাপতিত্বে শুরু হয় সমাপনী অধিবেশন। তাঁর সূচনা বক্তব্যের পর আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চারটি চুক্তিতে সই করেন। এ চারটি চুক্তির দুটি পণ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ে, একটি সার্ক বীজ ভান্ডার গঠন ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সহযোগিতা বিষয়ে। চুক্তি সইয়ের পর বক্তব্য দেন পর্যবেক্ষকদের প্রতিনিধিরা।এ অধিবেশনে অনুপস্থিত থেকেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। দেশে জরুরি কাজে তিনি দুপুরে কাবুল ফিরে গেছেন।‘আদ্দু ঘোষণা’: শুধু সংক্ষেপিত আকারেই নয়, একেবারেই ভিন্ন কাঠামোতে উপস্থাপিত হয়েছে এবারকার শীর্ষ সম্মেলনের ঘোষণা। সীমারেখার গণ্ডি পেরিয়ে এ অঞ্চলে একটি অভিন্ন অর্থনৈতিক ইউনিয়ন গড়ার যে সহযোগিতার কথা সার্কের নেতারা করেছেন, তার প্রতিফলন ঘটেছে শীর্ষ সম্মেলনের ঘোষণায়। সাফটার দ্রুত ফলপ্রসূভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্পর্শকাতর পণ্যের তালিকা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার পাশাপাশি অশুল্ক বাধা দূর, পণ্যের মানের স্বীকৃতি দান এবং শুল্কায়ন প্রক্রিয়া সহজতর করতে সাফটার মন্ত্রী পর্যায়ের কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত সাফটার আওতায় পণ্য ও সেবা বাণিজ্য চালুর প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি আঞ্চলিক বিনিয়োগ ও পুঁজির ব্যাপক প্রবাহ নিশ্চিত করতে একটি প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রীদের। যোগাযোগব্যবস্থা সম্প্রসারণে গুরুত্বারোপের মাধ্যমে ঘোষণায় উল্লেখ করা হয়েছে, আগামী বছর অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে আঞ্চলিক রেলওয়ে চুক্তি চূড়ান্ত করা হবে। এ ছাড়া সার্ক মোটরযান চুক্তি নিয়ে বিশেষজ্ঞ কমিটির বৈঠক অনুষ্ঠানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে পণ্যবাহী ট্রেনের পরীক্ষামূলক চলাচল যত দ্রুত সম্ভব শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।যোগাযোগ সম্প্রসারণের অংশ হিসেবে আনুষ্ঠানিক চলাচল শুরুর জন্য ভারত মহাসাগরে পণ্য ও যাত্রীবাহী ফেরি সার্ভিস চালুর লক্ষ্যে এর প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলতি বছরে শেষ করতে বলা হয়েছে সার্ক মহাসচিবকে।