২০ দফা ‘আদ্দু ঘোষণা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার জনগণের কল্যাণে যত দ্রুত সম্ভব সাফটা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি রেল ও সড়কপথে যোগাযোগ বাড়াতে হবে। আর আঞ্চলিক জোট আরও শক্তিশালী করতে পর্যবেক্ষকদের সংলাপে অংশীদার করার বিষয়টিও যাচাই করে দেখতে হবে।এগুলোসহ ২০ দফা ‘আদ্দু ঘোষণা’ গ্রহণের মধ্য দিয়ে মালদ্বীপের আদ্দু সিটিতে গতকাল শুক্রবার বিকেলে শেষ হয়েছে ১৭তম দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) শীর্ষ সম্মেলন। তবে বহুল আলোচিত ‘সেতুবন্ধের’ আওতায় জনগণের অবাধ চলাচল বা জলবায়ু পরিবর্তন ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে অভিন্ন অবস্থানের মতো বিষয়ে প্রত্যাশিত সুনির্দিষ্ট ঘোষণা আসেনি।এবারকার সার্ক শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সেতুবন্ধ’। কিন্তু সরাসরি এ অঞ্চলের মানুষে মানুষে মেলবন্ধন কিংবা এক দেশ থেকে অন্য দেশে লোকজনের চলাচল সুগম করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি সার্কের নেতারা। অথচ সেতুবন্ধের যে প্রত্যয় নিয়ে সম্মেলনের সূচনা হয়েছিল, তাতে এ প্রত্যাশা সৃষ্টি হয়েছিল যে, জনগণের মেলবন্ধনে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ গ্রহণের ঘোষণা হবে।অন্যদিকে স্বাগতিক মালদ্বীপ এবং বাংলাদেশসহ কয়েকটি দেশ জলবায়ু পরিবর্তনে পর্যুদস্ত হলেও সম্মেলনের ঘোষণায় ক্ষতি মোকাবিলায় অভিন্ন নতুন কোনো পদক্ষেপের কথা বলা হয়নি। অথচ কর্মকর্তা পর্যায়ের বৈঠকে জানানো হয়েছিল, দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে অভিন্ন একটি অবস্থান নেবে সার্ক। অন্যবারের তুলনায় এবারের শীর্ষ সম্মেলনের ঘোষণা আকারে সংক্ষিপ্ত হলেও এবারও যথারীতি দীর্ঘ সময় ধরে বাস্তবায়িত হবে—এমন পদক্ষেপের কথাই বলা হয়েছে।আদ্দু সিটির ইকুয়াটোরিয়াল কনভেনশন সেন্টারে আয়োজিত দুই দিনের শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে গতকাল ঘোষণা করা হয়, আগামী শীর্ষ সম্মেলন ২০১৩ সালের প্রথমার্ধে কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে।বিলম্বিত সমাপনী অধিবেশন: নির্ধারিত সময়ের ৩২ মিনিট পর শুরু হয় সমাপনী অধিবেশন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সভাপতিত্বে শুরু হয় সমাপনী অধিবেশন। তাঁর সূচনা বক্তব্যের পর আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চারটি চুক্তিতে সই করেন। চারটি চুক্তির দুটি পণ্যের মান নিয়ন্ত্রণ, একটি সার্ক বীজভান্ডার গঠন এবং একটি প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সহযোগিতা বিষয়ে।চুক্তি সইয়ের পর বক্তব্য দেন পর্যবেক্ষকদের প্রতিনিধিরা।যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র অংশীদার হিসেবে কাজ করতে চায়। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সন্ত্রাস দমনে সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার যে নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, তা সার্কের জন্য ইতিবাচক।চীনের উপমন্ত্রী ঝ্যাং জি ওয়ান বলেন, সার্কের উন্নয়নে আগামী বছর চীন ৩০ কোটি ডলারের সহায়তা দেবে।আগামী সার্ক শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন।সমাপনী অধিবেশনে অনুপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। দেশে ‘জরুরি কাজ’ থাকায় তিনি গতকাল দুপুরে কাবুলে ফিরে গেছেন।আদ্দু ঘোষণা: শুধু আকারে সংক্ষিপ্ত নয়, একেবারেই ভিন্ন কাঠামোতে উপস্থাপিত হয়েছে এবারকার শীর্ষ সম্মেলনের ঘোষণা।সীমারেখার গণ্ডি পেরিয়ে এ অঞ্চলে একটি অভিন্ন অর্থনৈতিক ইউনিয়ন গড়ার যে সহযোগিতার কথা সার্কের নেতারা বলেছেন, তার প্রতিফলন ঘটেছে শীর্ষ সম্মেলনের ঘোষণায়। সাফটার দ্রুত ও ফলপ্রসূ বাস্তবায়নের লক্ষ্যে স্পর্শকাতর পণ্যের তালিকা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার পাশাপাশি অশুল্ক বাধা দূর, পণ্যের মানের স্বীকৃতি দান এবং শুল্কায়ন-প্রক্রিয়া সহজতর করতে সাফটার মন্ত্রী পর্যায়ের কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত সাফটার আওতায় পণ্য ও সেবাবাণিজ্য চালুর প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি আঞ্চলিক বিনিয়োগ ও পুঁজির ব্যাপক প্রবাহ নিশ্চিত করতে একটি প্রস্তাব তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রীদের।যোগাযোগব্যবস্থা সম্প্রসারণে গুরুত্বারোপ করে ঘোষণায় উল্লেখ করা হয়েছে, আগামী বছর অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে আঞ্চলিক রেলওয়ে চুক্তি চূড়ান্ত করা হবে। এ ছাড়া সার্ক মোটরযান চুক্তি নিয়ে বিশেষজ্ঞ কমিটির বৈঠক অনুষ্ঠানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে পণ্যবাহী ট্রেনের পরীক্ষামূলক চলাচল যত দ্রুত সম্ভব শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের অংশ হিসেবে আনুষ্ঠানিক চলাচল শুরুর জন্য ভারত মহাসাগরে পণ্য ও যাত্রীবাহী ফেরি সার্ভিস চালুর লক্ষ্যে সার্ক মহাসচিবকে এর প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলতি বছরে শেষ করতে বলা হয়েছে।জলবায়ু পরিবর্তনের ব্যাপারে থিম্পু ঘোষণা সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে ঘোষণাপত্রে। এর বাইরে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলার ব্যাপারে আর কিছু বলা হয়নি।এ অঞ্চলের জ্বালানিসংকট মেটাতে জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ে একটি রূপরেখা চুক্তি, আঞ্চলিক জ্বালানি বিনিময়ের ধারণাপত্র তৈরি এবং সার্ক অঞ্চলে বিদ্যুতের বাজারের বিষয়ে কাজ করার কথা বলা হয়েছে ঘোষণায়।খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার্ক শস্যভান্ডার কার্যকর করায় যেসব প্রতিবন্ধকতা আছে, তা আগামী বছর অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগেই চিহ্নিত করে পরামর্শ চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন সার্ক নেতারা।এ ছাড়া সন্ত্রাস দমন এবং এর সঙ্গে যুক্ত অবৈধ মাদক ও ছোট অস্ত্র পাচার প্রতিরোধে আঞ্চলিক পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। পাশাপাশি জাতিসংঘের এ-সংক্রান্ত প্রস্তাবিত সমন্বিত চুক্তি অনুস্বাক্ষরের কথা বলা হয়েছে। এই অঞ্চলের সমুদ্রপথে দস্যুবৃত্তি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের বিষয়টি নতুন প্রসঙ্গ হিসেবে স্থান পেয়েছে ঘোষণাপত্রে। অন্তর্ভুক্ত হয়েছে নিরাপদ পানীয় জলের ব্যবস্থার কথাও।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এবং টেকসই উন্নয়ন লক্ষ্য সামনে রেখে নারীর ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমতা বিধান করার জন্য আন্তসরকার বিশেষজ্ঞ কমিটিকে একটি আঞ্চলিক কর্মকৌশল গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী সম্মেলনে যাতে নারী ও শিশু পাচার রোধসংক্রান্ত সার্ক আঞ্চলিক কনভেনশন গ্রহণের কাজ চূড়ান্ত করা যায়, তার নির্দেশনা দেওয়া হয়েছে।দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করতে একটি ‘ভবিষ্যৎমুখী ভাবনা’ তৈরির পাশাপাশি দক্ষিণ এশিয়া অর্থনৈতিক ইউনিয়ন গড়ার লক্ষ্য এগিয়ে নিতে সাউথ এশিয়া ফোরামকে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখতে বলা হয়েছে।শিক্ষার মানোন্নয়নে সার্ক দেশগুলোর শিক্ষাগত ও পেশাগত ডিগ্রিকে পারস্পরিক স্বীকৃতি এবং এর সমতা বিধানের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধ স্থাপনের কথা বলা হয়েছে ঘোষণাপত্রে।পর্যবেক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ঘোষণায় বলা হয়েছে, আগামী বছর অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগেই পর্যবেক্ষক দেশগুলোর ভূমিকা এবং সংলাপে অংশীদার হিসেবে তাদের অন্তর্ভুক্তির বিষয়টি পুনর্মূল্যায়ন করতে হবে।সার্ক দেশগুলোর মধ্যে গণমাধ্যমের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যম দিবস পালনের কথা বলা হয়েছে।এ ছাড়া ঘোষণাপত্রে আন্তসরকারি প্রক্রিয়ার মাধ্যমে সার্ক সচিবালয় ও আঞ্চলিক কেন্দ্রগুলো শক্তিশালী করা এবং সার্কের অধীনে আঞ্চলিক ও উপ-আঞ্চলিকভিত্তিক প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।