২০ প্রকৌশলীকে জাল ভিসা, আটক তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে পাঠানোর নামে ২০ প্রকৌশলীর হাতে জাল ভিসা ধরিয়ে দেওয়ার অভিযোগে আজ শনিবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তিন প্রতারককে আটক করেছে পুলিশ।আটক হওয়া ব্যক্তিরা হলেন মারিয়া কমিউনিকেশনস নামের এক প্রতিষ্ঠানের পরিচালক আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক হাবিবুর রহমান ও একই প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা রাশেদ হোসাইন।প্রতারণার শিকার প্রকৌশলী নাসিরউদ্দিন আখন্দ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, দেড় মাস আগে বারিধারার মারিয়া কমিউনিকেশনস নামের এক প্রতিষ্ঠান সিঙ্গাপুরে ২০ প্রকৌশলীকে চাকরিতে পাঠানোর নাম করে ইন্টারনেটে বিজ্ঞাপন দেয়। এরপর ৬০ জন প্রকৌশলী আবেদন করেন। প্রতিষ্ঠানটি ২০ জন প্রকৌশলীকে বাছাই করে তাঁদের কাছ থেকে পৌনে নয় লাখ টাকা আদায় করেন। এরপর কথামতো গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি ওই ২০ প্রকৌশলীর হাতে ভিসা ধরিয়ে দেয়। তিনি বলেন, সন্দেহ হওয়ায় তাঁরা ভিসা পরীক্ষা করে জানতে পারেন সব ভিসাই ভুয়া। এরপর তাঁরা ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বিকেলে পুলিশ ওই প্রতিষ্ঠানে গিয়ে তিনজনকে আটক করেন।যোগাযোগ করা হলে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান প্রথম আলোকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলে তাঁদের গ্রেপ্তার করা হবে।