২০ বছর পর অভিনয়ে কাঙালিনী সুফিয়া
‘যত দূর মনে পড়ে টেলিভিশনে আমার অভিনীত সর্বশেষ নাটকটির নাম “দেয়াল”। তাও প্রায় ২০ বছর আগের কথা। ২০ বছর পর এবার অভিনয় করছি “নোনাজলের গল্প” নাটকে।’ জানিয়েছেন অসংখ্য লোকগানের জনপ্রিয় শিল্পী কাঙালিনী সুফিয়া। ঢাকার অদূরে উলুখোলায় আজ থেকে নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি। অভিনয় প্রসঙ্গে কাঙালিনী বলেন, ‘আজ সোমবার নাটকটির প্রথম দিনের শুটিং করছি। ভালোই লাগছে অভিনয় করতে। পরিচালক থেকে শুরু করে ইউনিটের সবাই অভিনয়ের ক্ষেত্রে বেশ উত্সাহও দিচ্ছেন।’ মে দিবস উপলক্ষে নির্মিত নোনাজলের গল্প নাটকটির শুটিং কাল মঙ্গলবার শেষ হবে। নাটকটি পরিচালনা করছেন সাজ্জাদ রহমান। পরিচালক সূত্রে জানা গেছে, কাঙালিনী সুফিয়ার ‘বুড়ি হইলাম তোর কারণে’ গানটি অবলম্বনে নোনাজলের গল্প নাটকটি নির্মিত হচ্ছে। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করবেন কাঙালিনী সুফিয়া। এখানে তাঁকে একজন বাউলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।২০ বছর পর আবার অভিনয় সম্পর্কে কাঙালিনী সুফিয়া প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আসলে অভিনয়ের জন্য সে ধরনের কোনো প্রস্তাব আসেনি। সত্যি কথা বলতে কী, আমাদেরকে নিয়ে তো কেউ সেভাবে আগ্রহও দেখান না। সাজ্জাদ যখন অভিনয় করতে বললেন তখন সবকিছু চিন্তা করার পর রাজি হয়ে গেলাম।’অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে কাঙালিনী সুফিয়া বলেন, ‘আসলে আমরা যারা বাউল গান করি তাদেরকে অনেক কিছু জানতে হয়। প্রতিনিয়ত অনেক অভিজ্ঞতা অর্জন করছি। তাই অভিনয়ের ক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যা অনুভব করতে হয় বলে মনে হয় না।’কাঙালিনী সুফিয়া আরও বলেন, ‘নোনাজলের গল্প নাটকটি আসলে আমার জীবনাচরণের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে। তাই কাজটি করতে বলতে পারেন সুবিধাই হচ্ছে। আনন্দের সঙ্গে কাজটা করছি।’কাঙালিনী সুফিয়া ছাড়াও নোনাজলের গল্প নাটকের অভিনয়শিল্পীরা হলেন নূপুর ইসলাম, এস এম মোহসিন প্রমুখ।পরিচালক সূত্রে জানা গেছে, নোনাজলের গল্প নাটকটি মে দিবসে বিটিভিতে প্রচারের সম্ভাবনা রয়েছে।