২০ বছরেও চাকরিচ্যুতদের ভাগ্য খোলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়ে প্রায় ২০ বছর পেরিয়ে গেলেও পেনশন পাচ্ছেন না সমরাস্ত্র কারখানার চাকরিচ্যুত একজন কর্মকর্তা ও ২৩ কর্মচারী। অথচ সংশ্লিষ্ট ব্যক্তিদের এদিকে কোনো দৃষ্টি নেই। অন্যায়ভাবে অপসারিত কর্মচারীরা সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো ফল পাচ্ছেন না বলে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে গত বছরের ৪ অক্টোবর আইন অধিকার পাতায় একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।অভিযুক্ত ব্যক্তিদের বিবরণ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ১৯৮৭ সালের অক্টোবরে তৎকালীন সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনকালে সমরাস্ত্র কারখানার বেসামরিক কর্মচারীরা কর্মবিরতি ও শান্তিপূর্ণ মিছিল করেন। তাঁদের দাবি ছিল, সামরিক সদস্যদের হারে ও একই মূল্যে রেশন-মজুরি বহাল রাখা। এর দায়ে ৫৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। তবে মামলার কোনো নিষ্পত্তি হওয়ার আগেই সরকার নির্বাহী আদেশে একজন কর্মকর্তাকে অপসারণ ও ২২ জনকে বরখাস্ত করেন। কিন্তু ১৯৯২ সালে আদালত অভিযুক্ত ব্যক্তিদের নির্দোষ বলে রায় দেন। এর পর থেকে তাঁরা তাঁদের ন্যায্য পাওনার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ঘোরাঘুরি করলেও কোনো ফল পাননি বলেজানান অপসারিত কর্মকর্তা সিরাজ ঠাকুর। বিষয়টির সুরাহা চেয়ে তাঁরা ২০০১ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বারস্থ হন। স্থায়ী কমিটি বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা ও মিটিংয়ে সার্বিক আলোচনা করে ২৩ শ্রমিককে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সম্পর্কিত চিঠি দিয়ে প্রতিরক্ষা সচিবকে ব্যবস্থা নিতে বলা হয়। একপর্যায়ে মন্ত্রণালয় বিষয়টির ওপর সমরাস্ত্র কারখানার মতামত চেয়ে পাঠায়। পরে নানা রকম ফাইল চালাচালি হলেও প্রকৃতার্থে কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি চাকরিচ্যুত কর্মচারীরা আবার বর্তমান সংসদীয় স্থায়ী কমিটির কাছে আবেদন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সূত্রে জানা যায়, বিষয়টি শিগগিরই আবার সংসদীয় স্থায়ী কমিটির মিটিংয়ে উঠতে পারে। ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি আবার সংসদীয় কমিটি বিবেচনা করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেকে আবেদন করেছেন। ২০০১ সালে সংসদীয় কমিটির সিদ্ধান্ত কেন বাস্তবায়িত হচ্ছে না জানতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবকে টেলিফোন করেও পাওয়া যায়নি। পরে তাঁর ব্যক্তিগত সচিবের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (সাধারণ) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনে কথা বলতে পারবেন না বলে জানান। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আসলে মন্ত্রণালয় আইনের বাইরে কিছু করতে পারে না। আমাদের কাছে কোনো প্রস্তাব এলে সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে বক্তব্য চাওয়া হয়। তাদের দেওয়া বক্তব্যের ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত হয়ে থাকে। সেখান থেকে হ্যাঁ-সূচক কোনো কিছু না পেলে তা বাস্তবায়ন সম্ভব নয়। ওই কর্মকর্তা জানান, এ ক্ষেত্রেও আমার মনে হয়, তেমনটি ঘটেছে।