২০ মামলার আসামি সাজাপ্রাপ্ত প্রতারক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গতকাল মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সাজা মাথায় নিয়ে ফারুক বিন জামান (৩৩) নামের ওই ব্যক্তি দুই দিন আগে পুলিশ কমিশনারের কার্যালয়ে অন্য এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে যান। খোঁজ নিয়ে জানা গেছে, ফারুক নগরের আগ্রাবাদের সিডিএ এলাকায় মমতাজ মঞ্জিলের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুরের চর মোহাম্মদপুর এলাকার সিরাজ উজ জামানের ছেলে। তিনি নিজেকে এফবি জামান গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার বলে দাবি করেন। তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে ২০টি প্রতারণার মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার কয়েকটিতে তিনি পরোয়ানাভুক্ত আসামি। পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ফারুকের বিরুদ্ধে প্রায় ২০টির মামলা হলেও কেউ তাঁকে এর আগে গ্রেপ্তারের আগ্রহ দেখায়নি। অথচ আদালত তাঁর বিরুদ্ধে বেশির ভাগ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নগর গোয়েন্দা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে ফারুকের সখ্য গড়ে ওঠে। ওই গোয়েন্দা কর্মকর্তার স্ত্রীর ব্যবহারের জন্য গাড়ি পাঠাতেন ফারুক। ওই কর্মকর্তা জানান, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ফারুককে লেলিয়ে দেন ওই গোয়েন্দা কর্মকর্তা। বিষয়টি পুলিশের মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শককে (প্রশাসন) নজরে আনা হয়েছে। পুলিশ জানায়, ফারুক বিদেশ থেকে প্লাস্টিকের দানা আমদানির পাশাপাশি পলিথিনের ব্যবসা করে আসছেন। গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি-ডিবি) মো মনিরুজ্জামান বলেন, ‘প্রথমে বিশ্বাস স্থাপন করে পরে মোটা অঙ্কের টাকা নিয়ে পণ্য সরবরাহ করতেন না ফারুক। এরপর টাকা চাইলে পাওনাদারের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা করে দিতেন।’ ফারুকের গ্রেপ্তারের খবরের পর গতকাল বিকেলে পুলিশ কার্যালয়ে প্রতারিত ব্যক্তিরা ভিড় করতে থাকেন। উপস্থিত সাদাত ট্রেডিংয়ের কর্ণধার জসিম উদ্দিন জানান, ২০১০ সালে পলিথিন দেবেন বলে তাঁর কাছ থেকে ৮৯ লাখ টাকা নেন ফারুক। এর আগে সাত লাখ টাকার পণ্য সরবরাহ করায় দ্বিতীয় দফা পে-অর্ডারের মাধ্যমে ওই টাকা ফারুককে দেওয়া হয়। পরে পণ্য না দেওয়ায় টাকাও ফেরত দিতে গড়িমসি শুরু করেন ফারুক। একপর্যায়ে উল্টো তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ঠুকে দেন। আরেক পাওনাদার টেরিবাজার ফেনসি কালেকশনের মালিক মো. দিদার বলেন, ‘আমার কাছ থেকে ছয় লাখ ৮০ হাজার টাকা নিয়ে আর পণ্য সরবরাহ করেননি ফারুক। টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফরুক আমাকে তাঁর দপ্তরে ডেকে নিয়ে যান। টাকা না দিয়ে উল্টো হুমকি দেন এবং আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ঠুকে দেন। আমার করা প্রতারণা মামলায় তাঁর ছয় মাসের সাজা এবং ছয় লাখ ৮০ হাজার টাকা পরিশোধের রায় হয়।’ অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আজিজ উদ্দিন জানান, ‘সম্প্রতি মামুন নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ তদন্ত করতে গিয়ে তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ পাওয়া যায়। এর পর তাঁকে গ্রেপ্তার করি।’ ফারুক প্রতারণার কথা স্বীকার না করলেও পুলিশ কার্যালয়ে হাজির হওয়া অনেকে টাকা পাবেন বলে জানান। ফারুক বলেন, ‘টাকা পাবেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে আমার মামলা রয়েছে। তাঁরা আমার কাছে চাঁদা চেয়েছেন।’