২০ মাসে ৭.৫ শতাংশ কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পে গত সেপ্টেম্বর পর্যন্ত ২০ মাসে মাত্র সাড়ে সাত শতাংশ কাজ হয়েছে। সময়মতো শেষ করতে হলে পরবর্তী ১৬ মাসে ৯২.৫ শতাংশ কাজ করতে হবে। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। ছয় শতাংশ কাজ হলেও প্রকল্পের অর্থ ব্যয় হয়ে গেছে ১৬ শতাংশ। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সখ্যতা থাকায় প্রকল্পের কাজ দেরি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।চার লেন প্রকল্পের জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন, বাংলাদেশের রেজা কনস্ট্রাকশন ও আলআমিন-তাহের ব্রাদার্সকে (যৌথ) নিয়োগ দেওয়া হয় গত বছর জানুয়ারি মাসে। কাজ শুরুর আগে যন্ত্রপাতি সংগ্রহ ও প্রস্তুতির জন্য ঠিকাদারদের মোট প্রকল্প ব্যয়ের ১০ শতাংশ অগ্রিম দেওয়ার বিধান রাখা হয়। সে অনুযায়ী চুক্তির পরই কাজ শুরু না করে ঠিকাদারেরা ১৬৫ কোটি টাকা বিল তুলে নেন। কিন্তু কাজ শুরু করেন প্রায় এক বছর পর। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে গত জানুয়ারি মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কাটা শুরু করলে কাজ বন্ধ হয়ে যায়। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে ঝামেলা মিটলেও কাজে আর গতি আসেনি। তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল।বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে চার লেন প্রকল্প অন্যতম। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এই প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে চার লেন প্রকল্প নেওয়া হয়। দুর্নীতির অভিযোগে দুই দফা দরপত্র বাতিল হয়।সরেজমিনে দেখা গেছে, কাছাকাছি নদী আছে এমন স্থানে মাটি ফেলার কাজ চলছে। দাউদকান্দির আশপাশ ও মেঘনা-গোমতী নদী থেকে মাটি এনে ফেলতে দেখা গেছে। কুমিল্লার আশপাশে কিছু স্থানে লালমাই পাহাড় কেটে মাটি ফেলা হয়। ফেনী নদী থেকে বালু তুলে ফেনী ও মিরসরাই এলাকায় মাটির কাজ চলছে। সব মিলিয়ে ১৯২ কিলোমিটার প্রকল্প এলাকার মধ্যে প্রায় ৭৪ কিলোমিটার পর্যন্ত মাটির কাজ চলছে। তবে তাও বিদ্যমান সড়কের উচ্চতায় নয়। অনেক স্থানে অল্প বালু বা মাটি ফেলে তা বুলডোজার দিয়ে ছড়িয়ে দিয়ে বেশি এলাকা দেখানো হয়েছে।সওজ সূত্র জানায়, এ পর্যন্ত চার লেন প্রকল্পে ব্যয় হয়েছে ৩৫৮ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে ঠিকাদারদের অগ্রিমই চলে গেছে ১৬৫ কোটি টাকা। বাকি অর্থ ব্যয় হয়েছে অল্প কিছু মাটি ভরাট, যানবাহন ক্রয় ও বেতন-ভাতায়। প্রকল্পের হিসাব অনুযায়ী, এই সময়ে প্রকল্পের বাস্তব কাজ (ফিজিক্যাল ওয়ার্ক) হয়েছে মাত্র সাড়ে সাত শতাংশ। অন্যদিকে আর্থিক অগ্রগতি ১৬ শতাংশ (ফিনান্সিয়াল প্রগ্রেস)। সওজ সূত্র জানায়, এই প্রকল্পে প্রকৃত কাজের তুলনায় আর্থিক ব্যয় অনেক বেশি হয়েছে। এই প্রকল্পে জমি অধিগ্রহণ করতে হয়নি। পরামর্শক খাতেও ব্যয় খুব বেশি নয়।চার লেন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৩৮২ কোটি টাকা। এক হাজার ৬৫৫ কোটি টাকায় সড়ক ও বেশ কিছু কালভার্ট তৈরির জন্য তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়। কী কাজ হবে: চার লেন প্রকল্পের অধীনে বর্তমানে যে দুই লেন অর্থাৎ ২৪ ফুট পিচের রাস্তা আছে, তা বাড়িয়ে ৪৮ ফুট করা হবে। এর মাঝখানে থাকবে তিন মিটার ডিভাইডার। দুই পাশে ঘাসযুক্ত শোল্ডারসহ মহাসড়কটি ৮৭ ফুট চওড়া করা হবে।প্রকল্পের অধীনে ছয়টি বড় সেতু, তিনটি উড়াল সড়ক, দুটি আন্ডারপাস, ২১টি ছোট ও মাঝারি আকারের সেতু, ১৯৬টি কালভার্ট, ৩৩টি স্টিলের ফুটওভারব্রিজ, ছয়টি বাস স্টপেজ করার কথা। বড় সেতু, উড়াল সড়ক ও আন্ডারপাসের দরপত্রই আহ্বান করা হয়নি। এ পর্যন্ত মাত্র ১৪টি কালভার্ট নির্মাণ হয়েছে।