২০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন মানসিক অসুস্থতায় ভুগছেন
যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের মধ্যে ২০ শতাংশ বা সাড়ে চার কোটি মানুষ গত বছর কোনো না কোনো মানসিক অসুস্থতায় ভুগেছেন। তাঁদের মধ্যে এক কোটি ১০ লাখ মানুষের গুরুতর মানসিক অসুস্থতা ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবসটান্স অ্যাবিউজ অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনেসট্রেশনের (এসএএমএইচএসএ) এক প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তরুণ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে যাঁদের বয়স ১৮-২৫-এর মধ্যে, তাঁরা সবচেয়ে বেশি মানসিক অসুস্থতায় ভুগছেন। এদের হার ৩০ শতাংশ।অন্যদিকে যাঁদের বয়স ৫০ বা তার ঊর্ধ্বে, তাঁদের মধ্যে মানসিক সমস্যার হার সবচেয়ে কম। এই হার মাত্র ১৩ দশমিক ৭ শতাংশ।২০০৮ সালে যুক্তরাষ্ট্রে মানসিক অসুস্থতায় আক্রান্ত মানুষের হার ছিল ১৯ দশমিক ৫ শতাংশ। নতুন এই পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালের তুলনায় ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে মানসিক অসুস্থতায় আক্রান্ত হওয়া ব্যক্তিদের সংখ্যা বেড়েছে। এসএএমএইচএসএর জরিপের ফলাফল অনুযায়ী, দেশটিতে বিশেষ করে বেকারদের মধ্যে বিষন্নতা বাড়ছে। মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০ শতাংশই বেকার। পুরোপুরি বেকারদের মধ্যে ৬ দশমিক ৬ শতাংশ আত্মহত্যার কথা ভাবছেন। এসএএমএইচএসএর প্রশাসক পামেলা হূদি বলেন, অনেক মার্কিন এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না, প্রতিরোধের সুযোগ পাচ্ছেন না এবং শুরুতেই এটা থামিয়ে দেওয়া যাচ্ছে না। পামেলা হূদি আরও বলেন, ‘ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য এর প্রভাব হতে পারে ধ্বংসাত্মক। মানসিক অসুস্থতার যদি চিকিত্সা না করা হয়, তবে তা প্রতিবন্ধিতা, ব্যক্তি প্রবঞ্চনা, আত্মহত্যা, প্রজনন অক্ষমতা ও পারিবারিক অশান্তি সৃষ্টি করতে পারে।’ জরিপে দেখা গেছে, পুরুষের তুলনায় মার্কিন নারীরাই বেশি মানসিক অসুস্থতায় ভুগছেন। ২৩ দশমিক ৮ শতাংশ নারী এবং ১৫ দশমিক ৬ শতাংশ পুরুষ মানসিক অসুস্থতায় ভুগছেন। —রয়টার্স।