২০ হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগ হবে
পিটিআই প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি, হজ, তীর্থযাত্রাসহ বিভিন্ন কারণে প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ হাজার প্রাথমিক শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকেন। এ ছাড়া অবসর প্রস্তুতিকালীন ছুটি, চাকরিচ্যুতি বা পদত্যাগ, অসুস্থতা, মৃত্যু প্রভৃতি কারণে প্রতিদিনই শিক্ষকের পদ শূন্য হয়। একবার শিক্ষকের পদ শূন্য হলে তা পূরণ হতে সময় লাগে এক থেকে দেড় বছর।এই প্রেক্ষাপটে একটি পুল গঠন করে ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগের কথা ভাবছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতি উপজেলা বা থানায় গড়ে ৪০ জন শিক্ষক নিয়োগ পাবেন। এসব সহকারী শিক্ষক প্রতি মাসে সম্মানী পাবেন তিন হাজার টাকা। তবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা স্থায়ী চাকরি দাবি করতে পারবেন না। প্রতিবছর এই কর্মসূচি বাস্তবায়নে সরকারের ৭২ কোটি টাকা ব্যয় হবে। এই টাকা মন্ত্রণালয়ের বাজেট থেকেই দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।জানা যায়, দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে দুই বা তিনজন, কখনো কখনো মাত্র একজন শিক্ষকের মাধ্যমে চলে পাঠদান কার্যক্রম। এতে প্রাথমিক স্তরের শিক্ষায় পাঠদান ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, দেশে সরকারি ও বেসরকারি প্রাথমিক ও কমিউনিটি বিদ্যালয়ের সংখ্যা প্রায় ৬২ হাজার। এর মধ্যে ৩৭ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন প্রায় চার লাখ শিক্ষক। সূত্র জানায়, ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক পুল গঠনের প্রস্তাব বাস্তবায়নে সম্মতি দিয়েছে সংস্থাপন মন্ত্রণালয়। সম্প্রতি এ-সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিবছর প্রায় ১০ হাজার শিক্ষক পিটিআই প্রশিক্ষণে যান, মাতৃত্বকালীন ছুটিতে যান পাঁচ থেকে ছয় হাজার। এ সময় বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংকট দেখা দেয়। কিন্তু ছুটিতে থাকার কারণে নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয় না। প্রতিমন্ত্রী আরও বলেন, অবসরে গেলে বা কোনো শিক্ষক মারা গেলে সেই শূন্য পদ পূরণ করতেও এক থেকে দেড় বছর লেগে যায়। এসব কারণে বিদ্যালয়ের পাঠদানে ধীরগতি চলে আসে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করা হবে।জানা যায়, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, ২০১১ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সব শিশুকে বিদ্যালয়ে আনা, ঝরে পড়া রোধ, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করা সরকারের অঙ্গীকার। এতে আরও বলা হয়, প্রতি পরিবারের একজন সদস্যকে কাজে নিয়োগ করে বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আশ্বাস দিয়েছে বর্তমান সরকার।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করে সরকারের অঙ্গীকার বাস্তবায়নে শিক্ষক পুল গঠনের বিকল্প নেই। তা ছাড়া ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য না আনতে পারলে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে না। প্রাথমিক শিক্ষক পুল: প্রতিটি উপজেলা ও মহানগরে প্রাথমিক শিক্ষক পুল গঠন করা হবে। প্রতি ইউনিয়ন ও পৌরসভা এবং সিটি করপোরেশনের ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয়ের সংখ্যা অনুপাতে প্রাথমিক শিক্ষক পুলের শিক্ষকসংখ্যা নির্ধারণ করা হবে। এই পদের সংখ্যা কোনোভাবেই প্রতিটি থানা বা উপজেলায় ৪০টির বেশি হবে না। উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা এবং সিটি করপোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে শিক্ষক নির্বাচিত হবেন।শিক্ষক নির্বাচন কমিটি: প্রতি উপজেলায় পাঁচ সদস্যবিশিষ্ট ‘উপজেলা প্রাথমিক পুল শিক্ষক নির্বাচন কমিটি’ গঠন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা হবেন সদস্যসচিব। এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা, উপজেলা সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট উপজেলার একজন শিক্ষানুরাগী। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে সিটি করপোরেশন প্রাথমিক শিক্ষক পুল নির্বাচন কমিটি গঠন করা হবে। উভয় কমিটির মেয়াদ হবে তিন বছর। কর্মপরিধি: শিক্ষক পুল নির্বাচন কমিটি সংশ্লিষ্ট এলাকার শিক্ষকসংখ্যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদনক্রমে নির্ধারণ ও নির্বাচন করবে। পুল গঠনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি, পরীক্ষার ফি নির্ধারণ, আবেদনপত্র বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল প্রক্রিয়াকরণসহ শিক্ষকদের চূড়ান্ত তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রণয়ন করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে। এ ছাড়া জেলা শিক্ষা কার্যালয় ও উপজেলা শিক্ষা কার্যালয়সহ স্থানীয় পর্যায়ের সব সরকারি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হবে।শিক্ষক নির্বাচন: শিক্ষকেরা তিন বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নির্বাচিত হবেন। তিন বছর পর নির্বাচিত শিক্ষকদের চাকরি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে নিয়োগ বাতিলের আগেই শিক্ষক নির্বাচন কমিটিকে নতুন করে শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। মেধা অনুযায়ী ৬০ শতাংশ মহিলা ও ৪০ শতাংশ পুরুষ শিক্ষক নিয়োগ করতে হবে।শিক্ষাগত যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারস্বীকৃত কোনো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট-ইন-এডুকেশন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। উভয় প্রার্থীদের জিপিএ ন্যূনতম ২ দশমিক ৫০ থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছর। তবে সদ্য অবসর পাওয়া এবং ৬২ বছরের কর্মক্ষম শিক্ষকেরা পুলের অন্তর্ভুক্ত হতে পারবেন। শিক্ষক নিয়োগে শর্ত: সম্পূর্ণ অস্থায়ী ও সাময়িক ভিত্তিতে পুল শিক্ষক নিয়োগ করা হবে। কোনো পুল শিক্ষক পর পর দুবার নির্ধারিত দায়িত্ব পালনে অসমর্থ হলে পুল তালিকা থেকে তাঁর নাম সরাসরি বাতিল হবে। পুল শিক্ষকদের তালিকা সংশ্লিষ্ট উপজেলা পরিষদ কর্তৃক অনুমোদিত হতে হবে। নির্বাচনের পর সংশ্লিষ্ট উপজেলা রিসোর্স সেন্টারের মাধ্যমে পুল শিক্ষকদের বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা প্রশাসকের অনুমোদিত তালিকা থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক নেওয়া হবে। নিয়োগপত্র উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সিটি করপোশেনের ক্ষেত্রে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরে জারি করা হবে।