২০০ কারখানায় উৎপাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে চট্টগ্রামের অন্তত ২০০ শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এ কারণে গত রাত থেকে এসব কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।বন্ধ কারখানার মধ্যে রয়েছে স্টিল, রি-রোলিং মিলস, সিমেন্ট কারখানা এবং গ্যাসচালিত সব ধরনের বেসরকারি বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার) উৎপাদনকেন্দ্র। তৈরি পোশাক (গার্মেন্টস) ও বস্ত্র (টেক্সটাইল) কারখানাকে আপাতত গ্যাস বন্ধের সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকা কিংবা দেশের অন্য কোনো জায়গায় গ্যাসের স্বল্পতার কারণ দেখিয়ে শিল্পকারখানা বন্ধ করা না হলেও সরকারি সিদ্ধান্তে চট্টগ্রামে করা হলো। আকস্মিক এ সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট কারখানা চালু রাখতে শিল্পোদ্যোক্তারা বিকল্প কোনো ব্যবস্থাও নিতে পারেননি। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এর আগে গতকাল বিকেলে গ্যাসকর্মীরা বিভিন্ন শিল্পকারখানায় গিয়ে গ্যাসের মিটার পরীক্ষা করে রিডিং নিয়ে আসেন। বন্ধ নোটিশ পাওয়ার পর কোনো কারখানায় গ্যাস ব্যবহার করা হলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তাঁরা।কেজিডিসিএলের কর্মকর্তারা জানান, সময়ের বিন্যাস করে গ্যাস বিতরণ (স্ট্যাগারিং) শুরুর নতুন পদ্ধতি চালুর কারণে এই ব্যবস্থা নিতে হয়েছে। গত বুধবার রাত ও গতকাল সারা দিন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানকে এ ব্যাপারে পর্যায়ক্রমে চিঠি দিয়েছে কেজিডিসিএল কর্তৃপক্ষ।গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে দেওয়া চিঠি পাওয়ার কথা স্বীকার করেন সিমেন্ট উৎপাদনকারী কারখানা কনফিডেন্স সিমেন্টের মহাব্যবস্থাপক জহির উদ্দিন আহমদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘দেশের অন্য সব জায়গার একই ধরনের কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা হলেও চট্টগ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা চট্টগ্রামের শিল্পকারখানার প্রতি বিমাতাসুলভ আচরণ।’রড উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ স্টিলের ব্যবস্থাপনা পরিচালক আলমাস হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ না দিয়ে কর্তৃপক্ষ আকস্মিকভাবে গ্যাস বন্ধ করে আমাদের বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। এতে কারখানায় বিপুল লোকসানের কারণে ঈদুল আজহার আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়বে।’জানা গেছে, কেজিডিসিএলের এ চিঠির কারণে চট্টগ্রামের অনেক বড় শিল্পকারখানায় অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে আছে রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম, আবুল খায়ের স্টিল, জিপিএইচ ইস্পাত, কেএসআরএম, রতনপুর স্টিল, বায়েজিদ স্টিল, সিমা অটো স্টিল প্রভৃতি। সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে রুবি সিমেন্ট, কনফিডেন্স, রয়েল, আরামিট ইত্যাদি।আকস্মিকভাবে গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ পেয়ে বেকায়দায় পড়েছেন অনেক কারখানার মালিক। অনেক কারখানা তাদের চলমান উৎপাদন-প্রক্রিয়া আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ায় বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল কারখানার অভ্যন্তরে ঢোকানোর জায়গাও করতে পারছে না বলে জানা গেছে।স্টিল রি-রোলিং মিলের মালিকেরা বলেছেন, কোনো কোনো স্টিল মিল গ্যাসের পরিবর্তে ফার্নেস তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে চালু রাখার ব্যবস্থা আছে। কিন্তু সেটা করতে গেলে রডের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। ফলে রডও বিক্রি করতে হবে বেশি দামে।কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, তৈরি পোশাক ও বস্ত্র খাতের সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ছাড়া অন্য সব বেসরকারি বিদ্যুৎকেন্দ্র (ক্যাপটিভ পাওয়ার) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।কেজিডিসিএল থেকে বিভিন্ন শিল্পকারখানায় পাঠানো চিঠিতে বলা হয়েছে, জাতীয় স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার নির্দেশ অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে।এদিকে গতকাল চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পকারখানায় সময় বিন্যাস করে (স্ট্যাগারিং) গ্যাস সরবরাহের যে চিঠি দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু কেজিডিসিএল কর্তৃপক্ষ বলেছে, স্ট্যাগারিং অব্যাহত থাকবে।