২০০ কোটি টাকা খরচ করেও অচল কেপিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিকায়নের নামে একটি চালু প্রতিষ্ঠান প্রায় অচল করে দেওয়া হয়েছে। যদিও এ জন্য শিল্প মন্ত্রণালয় ব্যয় করেছে ২০০ কোটি টাকা। কিন্তু এখন প্রতিষ্ঠানটি ঠিকমতো না চলায় লোকসান বেড়ে গেছে। এতে সরকারের ক্ষতি প্রায় ৪০০ কোটি টাকা।চট্টগ্রামের কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) আধুনিকায়নের জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ২০০৮-০৯ অর্থবছরে জাপানি প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী, ২০০ কোটি টাকা ব্যয়ে একটি ব্লিচিং প্রকল্প ও একটি বর্জ্য পরিশোধন মেশিন (ইটিপি) স্থাপনসহ অন্যান্য কাজ করে দেওয়ার কথা জাপানি প্রতিষ্ঠানটির। আরও উল্লেখ ছিল, মারুবেনি ২০১১ সালের ২ আগস্টের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে বিসিআইসির কাছে বুঝিয়ে দেবে। কিন্তু মারুবেনি এখনো প্রকল্প বুঝিয়ে দিতে পারেনি।পরিকল্পনা মন্ত্রণালয়ের মতে, প্রকল্পটি আধুনিকায়নের পর এখন অর্থহীন হয়ে পড়েছে। শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি বলেছে, এই প্রকল্পে সরকারের ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকার মতো। এই দুর্নীতির সঙ্গে মন্ত্রণালয় ও বিসিআইসির শীর্ষস্থানীয় কর্মকর্তারা জড়িত। কমিটি প্রকল্পটিকে পরিত্যক্ত ঘোষণা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত করতে বলেছে।তবে শিল্প মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অচল কারখানাটিকে সচল দেখানোর চেষ্টা চালাচ্ছেন। এ জন্য তাঁরা সংসদীয় কমিটিকে না জানিয়েই মিলের ব্লিচিং প্রকল্পটি পরীক্ষামূলকভাবে (পারফরম্যান্স গ্যারান্টি টেস্ট রান—পিজিটিআর) চালানোর কাজ শেষ করেছেন। পিজিটিআরের ফল খারাপ এলেও এ সম্পর্কে ইতিবাচক সুপারিশ করার জন্য বিসিআইসির ওপর চাপ দিচ্ছে মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির মধ্যে এখনো বিরোধ চলছে।বিসিআইসির সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেপিএমের লোকসানের পরিমাণ ২৬ কোটি টাকা। তার আগের তিন বছরে লোকসান ছিল ৬৩ কোটি টাকা।জানতে চাইলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, বিসিআইসি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা কেপিএম পরিদর্শন করে এর আধুনিকায়ন কর্মকাণ্ডকে সন্তোষজনক বলে মত দিয়েছেন। সুতরাং, পিজিটিআর অনুমোদন করা যেতে পারে।তবে সংসদীয় তদন্ত কমিটির প্রধান মুহিবুর রহমান বলেন, আধুনিকায়নের নামে যা হয়েছে, তা চালু রেখে লাভজনক কোনো কিছু উৎপাদন করা সম্ভব নয়। প্রকল্পটিকে পরিত্যক্ত ঘোষণা করে লোহার স্তূপ হিসেবে এর আর্থিক মূল্য নির্ধারণ করা ছাড়া বিকল্প কিছু নেই।সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রথম গত ২৮ নভেম্বর সংসদীয় কমিটির বৈঠকে সদস্যরা কেপিএমের প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা ও মারুবেনির জামানত বাজেয়াপ্ত করতে বলেছিলেন। তখন শিল্প মন্ত্রণালয় থেকে পিজিটিআরের জন্য সর্বশেষ সুযোগ চেয়ে সংসদীয় কমিটির আপত্তি প্রত্যাহারের অনুরোধ জানালে কমিটি তাতে সম্মত হয়। তবে শর্তে বলা হয়, পিজিটিআরের সময় মন্ত্রণালয়, সংসদীয় কমিটি ও বিশেষজ্ঞ দল উপস্থিত থাকবে।কিন্তু সংসদীয় কমিটিকে না জানিয়েই গত ১২ থেকে ১৮ জানুয়ারি কেপিএমের পিজিটিআর সম্পন্ন করা হয়েছে। বিষয়টি নিয়ে ১৭ জানুয়ারি সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা থাকলেও মন্ত্রী দিলীপ বড়ুয়া উপস্থিত না থাকায় আলোচনা হয়নি। এর পরও এ নিয়ে কোনো আলোচনা হয়নি।দিলীপ বড়ুয়া এ বিষয়ে বলেন, ‘সংসদীয় কমিটিকে জানানোর কী আছে? প্রশ্ন হলো, কাজটা সঠিকভাবে হয়েছে কি না? আমার জানামতে, কাজ সঠিক হয়েছে।’সূত্র জানায়, গত ২০ জানুয়ারি পিজিটিআর কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়ে বলেছে, চুক্তি অনুযায়ী কারখানা সাত দিন নিরবচ্ছিন্নভাবে চলেনি। মাঝে তিনবার বন্ধ হয়ে গেছে। কাগজ তৈরির উপাদান পাল্পের উজ্জ্বলতা হওয়ার কথা ৮৫ শতাংশ। ৩৫ বার পরীক্ষা করা হলেও উজ্জ্বলতা একবারও তা স্পর্শ করতে পারেনি। প্রতি টনে পাল্প উৎপাদন হওয়ার কথা ৯৩ দশমিক ৭ শতাংশ। কিন্তু উৎপাদন হয়েছে ৮৭ শতাংশ। আবার সরবরাহ করা নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামের কারণে কারখানা কয়েকবার বন্ধ হয়ে যায়।নিরবচ্ছিন্নভাবে সাত দিন না চলার কারণ সম্পর্কে দিলীপ বড়ুয়া বলেন, ‘কারখানা টানা সাত দিন চলেছে। কর্মচারীদের ভুলে দুবার বন্ধ হয়ে গিয়েছিল। কারণ, তারা ঘুমিয়ে পড়েছিল।’মন্ত্রণালয়ের সূত্র জানায়, পিজিটিআর কমিটির এই প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেননি মন্ত্রী ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা। কারণ, ওই প্রতিবেদনে পিজিটিআর অনুমোদনের সুপারিশ করা হয়নি। মন্ত্রণালয় গত ১০ ফেব্রুয়ারি বিসিআইসিকে চিঠি দিয়ে জানিয়েছে, পিজিটিআর কমিটির সুপারিশ বিরোধপূর্ণ। তারা এ বিষয়ে পিজিটিআর কমিটিকে সুস্পষ্ট ব্যাখ্যাসহ সুপারিশ করতে বলেছে।কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম তালুকদার বলেন, ‘কারখানা চলছে। কিছু সংকট রয়েছে। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে ২৪ ঘণ্টা উৎপাদন চলে।’ আইএমইডির পরিদর্শন: পরিকল্পনা মন্ত্রণালয় অভ্যন্তরীণ পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সম্প্রতি কেপিএম নিয়ে একটি পরিদর্শন প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটি অর্থহীন হয়ে পড়েছে। একই সঙ্গে তারা ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিসিআইসির বিরুদ্ধে বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনে।একই বিষয়ে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিও ২০১১ সালের ১ নভেম্বর মুহিবুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত দল গঠন করে। এই তদন্ত দলকে কারিগরি সহায়তা দেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিশেষজ্ঞ শিক্ষক। পরিদর্শন শেষে সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের অনেক যন্ত্র সম্পূর্ণ ও আংশিক নষ্ট হয়ে গেছে। ব্লিচিং প্লান্ট ও ক্লোরিন টাওয়ারে ইস্পাতের তৈরি পাইপ লাগানোর পর তা নষ্ট হয়ে যায়। বিকল্প হিসেবে প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হলেও এর স্থায়িত্ব প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মারুবেনি বিশেষজ্ঞ দলকে জানায়, পূর্ব অভিজ্ঞতা না থাকায় ভুল হয়েছে। সংসদীয় কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রকল্পের কেনাকাটায় ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকল্পে ব্যবহার করা যন্ত্র বা যন্ত্রাংশ পুরোনো ও নিম্নমানের। প্রকল্পের কারিগরি কমিটি দুর্নীতির আশ্রয় নিয়ে অর্থছাড়ের সুপারিশ করেছে। কমিটি দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম উল্লেখ করে ব্যবস্থা নিতে বলেছে।