চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে গতকাল মঙ্গলবার সকালে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মন্জুর আলম। সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত মেয়র এম জহিরুল আলমের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর নতুন মেয়র চট্টগ্রামের উন্নয়নে কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তবে সিটি করপোরেশনের বিপুল পরিমাণ দেনা নিয়ে তাঁকে মেয়রের দায়িত্ব নিতে হচ্ছে। অভ্যন্তরীণ নিরীক্ষায় দেখা গেছে, গতকাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়দেনার পরিমাণ ছিল প্রায় ২০০ কোটি টাকা। আর করপোরেশনের তহবিলে জমা ছিল ১২ কোটি টাকা। গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনের নিরীক্ষা বিভাগের কর্মকর্তারা নতুন মেয়রের কাছে দেনা-পাওনার এ হিসাব তুলে ধরেন। হিসাবে দেখানো হয়, জুলাই মাসে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতেই জমা ১২ কোটি টাকার প্রায় অর্ধেক শেষ হয়ে যাবে। অন্যান্য খাতে চলতি মাসে খরচ হবে আরও দেড় থেকে দুই কোটি টাকা। ফলে করপোরেশনের তহবিলে থাকছে মাত্র চার কোটি টাকার মতো।অভ্যন্তরীণ নিরীক্ষা সম্পর্কে জানতে চাইলে মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘দেনা-পাওনার বিষয় নিয়ে বিশদভাবে তদন্ত হচ্ছে। আমরা আরও দুই-একদিন এ নিয়ে কাজ করব। এরপর বিস্তারিত কথা বলব।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্জুর ই ইলাহী বলেন, ‘সিটি করপোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এখানে পাওনাদার থাকবে। আবার আমরাও সরকার থেকে টাকা পাচ্ছি। তা ছাড়া নিজেদের অভ্যন্তরীণ আয়ও আছে। সব মিলিয়ে এসব পাওনা মেটানো কঠিন হবে না।’বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান প্রথম আলোকে বলেন, ‘দেনার পরিমাণ এত বেশি যে অবাক লাগছে। করপোরেশনের এসব জমা-খরচ নিয়ে বিশদ নিরীক্ষা হওয়া উচিত। পাশাপাশি সিটি করপোরেশনের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানে এ ধরনের অবস্থা অবশ্যই বন্ধ করতে হবে।’ করপোরেশন সূত্র জানায়, এক সপ্তাহের মধ্যে ২০১০-১১ অর্থবছরের বাজেট পেশ করতে হবে নতুন মেয়রকে। এ ক্ষেত্রে সরকারি অর্থের ওপর ভর করেই বাজেট নির্ধারণ করতে হবে। সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেন, ‘আমরা আশা করছি, বিভিন্ন প্রকল্পের আওতায় সরকারের কাছ থেকে ভালো অর্থ সহায়তা পাব।করপোরেশনের দায়দেনা: নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, করপোরেশন মোট ১৯৯ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ২৬৬ টাকা ঋণী। এর মধ্যে সবচেয়ে বেশি ১০১ কোটি টাকা পাবেন ঠিকাদারেরা। বিদ্যুতের বকেয়া বিল রয়েছে প্রায় ছয় কোটি টাকা, ঠিকাদার ও অন্যান্য প্রতিষ্ঠানের ফেরতযোগ্য জামানত রয়েছে ৭০ কোটি টাকা। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের ৩০ মাসের বকেয়া আনুতোষিক সাড়ে ১২ কোটি টাকা এবং কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল ভেঙে খরচ করা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। এ অর্থ ওই তহবিলে ফেরত দিতে হবে।করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, ঠিকাদারদের পাওনা ১০১ কোটি টাকার মধ্যে প্রায় ৪১ কোটি টাকার কাজ করা হয়েছে মৌখিক নির্দেশে। করপোরেশনের হিসাব নিয়ন্ত্রণ বিভাগ সূত্র জানায়, পাঁচ প্রকৌশল বিভাগ, যান্ত্রিক ও বিদ্যুৎ বিভাগে প্রায় ৪১ কোটি টাকার নির্মাণ কাজ ও মালামাল কেনার মৌখিক নির্দেশ দেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। করপোরেশনের কাছে এর কোনো তথ্য-প্রমাণ নেই।জানা গেছে, গতকাল দায়িত্ব নেওয়ার পর মেয়র মন্জুর প্রশাসন, হিসাব ও প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সাবেক মেয়রের সময় মৌখিক নির্দেশে যেসব কাজ হয়েছে তা তুলে ধরা হয়। কিন্তু মেয়র এ কাজের কোনো দায়িত্ব নিতে অস্বীকার করেন। তিনি জানিয়ে দেন, মৌখিক নির্দেশে হওয়া কোনো কাজের দায়দায়িত্ব তিনি নেবেন না। তিনি নিয়মের বাইরে কোনো কাজ না করতে প্রকৌশলীদের সতর্ক করে দেন। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ: মন্জুর আলম গতকাল সকাল ১০টার দিকে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় সেখানে ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মহিউদ্দিন পদত্যাগ করলে গত ২০ মে থেকে জহিরুল আলম ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। নতুন মেয়র আগামী ২৬ জুলাই সিটি করপোরেশনের সভা ডেকেছেন। ওইদিন থেকেই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদকাল শুরু হবে।গতকাল দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মেয়র মন্জুর দলমতের ঊর্ধ্বে থেকে সব কাউন্সিলরকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। উন্নয়ন কার্যক্রমে তিনি নগরবাসীরও সহযোগিতা কামনা করেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে বলেন, সেবার উদ্দেশ্যে যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলো চলবে। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের অতীতের অনিয়ম তদন্তে অভ্যন্তরীণ নিরীক্ষা শুরু হয়েছে। অনিয়ম ধরা পড়লে তা জনগণের কাছে প্রকাশ করা হবে। এখান থেকে একটি পয়সাও আত্মসাতের অধিকার আমাদের কারও নেই।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত মেয়র জহিরুল আলম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর ই ইলাহী, প্রধান রাজস্ব কর্মকর্তা মোমিনুর রশিদ, ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল, রেখা আলম চৌধুরী, চৌধুরী হাসান মাহমুদ প্রমুখ। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সকালে মন্জুর আলম মা-বাবার কবর জিয়ারত করেন। পরে মনছুরাবাদে দাদার কবর, চৈতন্যগলি কবরস্থানে স্বজনদের কবর এবং সর্বশেষ লালদীঘির পাড়ে শাহ আমানতের মাজার জিয়ারত করেন। এরপর তিনি আন্দরকিল্লা সিটি করপোরেশন ভবনে পৌঁছালে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। সেখানে প্রথম তিনি মিলাদ মাহফিলে অংশ নেন। এরপর স্বল্প সময়ের জন্য মেয়রের কার্যালয়ে যান। সেখান থেকে আবার মিলনায়তনে এসে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিএনপির কিছু নেতা-কর্মীকে সেখানে দেখা যায়।