২০০ বছরের পুকুরে ভবন করবে সরকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আদালতপাড়ার মধ্যে প্রায় ২০০ বছরের পুরোনো পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে গণপূর্ত বিভাগ। এর মধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, যেকোনো পুকুর ভরাট করে ভবন তোলা বেআইনি। এদিকে আদালতপাড়ার পাশেই একটি গির্জার (চার্চ) কর্তৃপক্ষ দাবি করছে, পুকুরটি সরকারি সম্পত্তি নয়, তাদের। এ ব্যাপারে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। গণপূর্ত অধিদপ্তর বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল গণি প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি দল ওই পুকুর পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছে। তাদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী পূর্ত মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তে ওই ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। এখন কার্যাদেশ দেওয়ার প্রস্তুতি চলছে।নথির তথ্য থেকে জানা যায়, ১৯১৮ সালের ১৪ নভেম্বর বরিশাল নগরের প্রাণকেন্দ্রে প্রায় আড়াই একর সম্পত্তি সরকার একটি গির্জা স্থাপনের জন্য হুকুমদখলে নেয়। বর্তমানে এটি সেন্ট পিটার চার্চ বলে পরিচিত। ওই গির্জার পূর্ব পাশে খনন করা একটি সংরক্ষিত পুকুর আরএস জরিপ এবং এসএ খতিয়ানে গির্জার নামে রেকর্ড হয়। পুকুরটির উত্তর ও পূর্ব পাড় ঘেঁষে রয়েছে জেলা জজ আদালত ভবন। সেন্ট পিটার চার্চ বরিশালের প্রধান রেভারেন্ড মনীন্দ্র বৈদ্য জানান, ১৯১৮ সালে গির্জার পক্ষ থেকে প্রায় ৫২ শতাংশ ভূমির ওপর পুকুরটি খনন করা হয়। ওই সময় এটি খাওয়ার পানি সরবরাহের জন্য সংরক্ষিত ছিল। খ্রিষ্টধর্মে দীক্ষা নিতে স্নানের আনুষ্ঠানিকতা পালনেও পুকুরটি ব্যবহার করা হতো।সূত্র জানায়, ১৯৭৯ সালে জেলা জজ আদালতের একজন প্রভাবশালী কর্মচারী আকস্মিকভাবে তৎকালীন জেলা জজ শেখ খোরশেদ আলীর মাধ্যমে গির্জার পুকুরটির উত্তর-দক্ষিণ দিক থেকে সীমানাপ্রাচীর তুলে পুকুরটি জেলা জজ আদালতের চত্বরের ভেতরে নিয়ে নেন। সেই থেকে এটি আদালত চত্বরের পুকুর বলে পরিচিত। পুকুরের মালিকানা নিয়ে জজ আদালতের কর্মকর্তা ও গির্জার কর্তৃপক্ষের মধ্যে বিরোধও তখন থেকে শুরু। এর মধ্যে চার্চের সব সম্পত্তি দেখাশোনার দায়িত্ব বর্তায় বাংলাদেশ ডায়াসিস ট্রাস্টের ওপর। সেই থেকে ডায়াসিস ট্রাস্ট গির্জার পক্ষে ভূমি উন্নয়ন কর ইত্যাদি পরিশোধ করে আসছে। গির্জার সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগও রক্ষা করে চলছে তারা।পরবর্তী সময়ে জজ আদালতের পক্ষ থেকে পুকুরের মালিকানা দাবি করে উচ্চ আদালতে রিট আবেদন করা হলে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়। ২০০২ সালের ২৬ জানুয়ারি সংশ্লিষ্ট সহকারী ভূমি কমিশনার তাঁর দেওয়া প্রতিবেদনে পুকুর ও সম্পত্তি গির্জার বলে উল্লেখ করেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন আইন উপদেষ্টা মইনুল হোসেন জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেন।গির্জার সম্পত্তি তত্ত্বাবধানে থাকা আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ২ জুলাই জজ আদালত ও গির্জার কর্মকর্তাদের নিজ নিজ দাবির সপক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হতে নোটিশ দেওয়া হয়। গির্জার পক্ষ থেকে কর্মকর্তারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেখানে হাজির হলেও আদালতের কর্মকর্তারা কোনো কাগজ দেখাতে পারেননি। তিনি দাবি করেন, পুকুরসহ সব সম্পত্তি গির্জার হওয়া সত্ত্বেও জেলা জজ আদালত অবৈধভাবে গণপূর্ত বিভাগের মাধ্যমে পুকুর ভরাট করে ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে।বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, ‘পরিবেশ আইনে রয়েছে, প্রাকৃতিক জলাধার ভরাট করা যাবে না। আমাদের এখানে যে ভবন নির্মাণ করা হচ্ছে, তা মানুষের সৃষ্ট জলাধার। ১০ তলা ভবন নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেওয়া হয়েছে। ঢাকার পরিবেশ অধিদপ্তর থেকে এ ব্যাপারে অনুমোদন নেওয়া হয়।’পরিবেশ অধিদপ্তর বরিশালের উপপরিচালক খন্দকার মো. ফজলুল হক বলেন, পরিবেশ আইন অনুযায়ী যেকোনো পুকুর বা জলাশয় ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনি। জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ। জনস্বার্থে রাষ্ট্র এ ধরনের সিদ্ধান্ত নিলে এতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন লাগবে। বরিশালের আদালত চত্বরের পুকুর ভরাট করে ভবন নির্মাণ করার বেলায় পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি।অধিদপ্তরের পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘পুকুর ভরাট করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দেবে। ওই পুকুরের ক্ষেত্রে কী করা হয়েছে, তা আমার জানা নেই।’বরিশাল খাল-নদী ও জলাশয় বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, ‘জলাশয় ভরাট করা নিষিদ্ধ জেনেও গণপূর্ত বিভাগ কীভাবে পুকুর ভরাট করে ভবন নির্মাণের উদ্যোগ নিল, তা একটি প্রশ্ন। আমরা চাই আদালত ভবন নির্মাণ হোক, কিন্তু তা পুকুর ভরাট করে নয়।’