২০০ ভরি স্বর্ণালংকার লুট
গাইবান্ধা শহরের স্টেশন রোডে সমবায় মার্কেটের হীরা জুয়েলার্স নামের একটি দোকান থেকে আজ মঙ্গলবার ভোরে ২০০ ভরি স্বর্ণালংকার ডাকাতি হয়েছে। দোকানমালিকের দাবি, লুট হওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।হীরা জুয়েলার্সের মালিক সাদেকুল ইসলাম ও নৈশপ্রহরী গোফফার মিয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোররাত চারটার দিকে ছয়-সাতজনের একটি ডাকাত দল পিকআপ নিয়ে ওই মার্কেটের সামনে এসে দাঁড়ায়। তারা স্টেশন রোডের নৈশপ্রহরীকে বেঁধে রেখে হীরা জুয়েলার্সের নয়টি তালা ভেঙে দোকানে ঢুকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকারসহ একটি সিন্দুক পিকআপে তুলে পালিয়ে যায়। খালি সিন্দুকটি সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকায় রাস্তার পাশে পাওয়া যায়।এ ঘটনায় আজ সকাল থেকে গাইবান্ধা জুয়েলারি দোকানমালিক সমিতি দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে। বিকেল পৌনে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্মঘট চলছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় নৈশপ্রহরী ও দোকানের কর্মচারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।