সরকার জরুরি ভিত্তিতে স্বল্পতম সময়ে ভাড়াভিত্তিক বিদ্যুৎ (কুইক রেন্টাল) কেনার জন্য যুক্তরাজ্যের কোম্পানি এগ্রিকোর সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে।দরপত্র ছাড়াই সম্পাদিত এই চুক্তি অনুযায়ী, এগ্রিকোর কাছ থেকে প্রতিটি ১০০ মেগাওয়াট ক্ষমতার দুটি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা হবে। এর একটি কেন্দ্র বসবে খুলনায়। এটি বিদ্যুৎ সরবরাহ করবে ২২ জুন থেকে। অপর কেন্দ্রটি বসবে ঘোড়াশালে। এটি বিদ্যুৎ সরবরাহ করবে ২৮ জুলাই থেকে।চুক্তি অনুযায়ী পিডিবি জ্বালানি সরবরাহ করবে, জমি দেবে এবং উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সঞ্চালনের (ইভাকুয়েশন) সুযোগ সৃষ্টি করবে।এই বিদ্যুতের দাম কত হবে তা গোপন রাখা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্র জানিয়েছে, চুক্তিটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর দাম জানানো হতে পারে। তা ছাড়া এখনই দাম জানাজানি হলে অন্যান্য কোম্পানির সঙ্গে আলোচনায় সমস্যা হতে পারে।গতকাল মঙ্গলবার দুপুর দুইটায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এগ্রিকোর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেবজিৎ দাশ এবং সরকারের পক্ষে পিডিবির সচিব আজিজুল ইসলাম। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এস এম আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।এই ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎ কেনার সরকারি পরিকল্পনা প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পায় ৮ এপ্রিল। ওই দিন প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিভাগে অফিস করার সময় বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। তারপর ই-মেইলে ছয়টি বিদেশি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়। এর মধ্যে তিনটি যুক্তরাষ্ট্রের—জি ই, এলস্থম ও এপিআর; দুটি যুক্তরাজ্যের—এম-পাওয়ার ও এগ্রিকো এবং একটি অস্ট্রেলিয়ার—এপেক। এর মধ্যে এগ্রিকোর সঙ্গে গতকাল চুক্তি করা হলো। আগামী সপ্তাহে আরও কোম্পানির সঙ্গে এ ধরনের চুক্তি হতে পারে বলে জানা গেছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর, গত জানুয়ারি মাসেই এগ্রিকো সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল এ ধরনের কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের, কিন্তু সরকার তখন বিষয়টি গুরুত্ব দেয়নি। এখন বিশেষ জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারি ক্রয় আইনের (পিপিআর) লঙ্ঘিত হলে আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। তবে পিপিআরে ‘সরকার চাইলে বিশেষ পরিস্থিতিতে, জরুরি অবস্থায় সরাসরি ক্রয় করতে পারে’ বলে বিধান রয়েছে উল্লেখ করে একটি সূত্র জানায়, সরকার ইচ্ছা করলে এই বিধানও প্রয়োগ করতে পারে।অবশ্য এই বিষয়টি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে উপস্থাপন করা হবে। তারপর প্রয়োজনে মন্ত্রিসভার বৈঠকেও উত্থাপন করা হবে। এরপর ক্রয় কমিটির অনুমোদন নিয়ে চুক্তি বাস্তবায়িত হবে।একনেকে বিদ্যুতের তিন প্রকল্প অনুমোদন: সারা দেশে বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে আরও তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এই তিনটি বিদ্যুৎ প্রকল্প হবে সিলেট, চাঁদপুর ও সিরাজগঞ্জে। প্রকল্প তিনটির প্রতিটি দেড় শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। ২০১৩ সালে প্রকল্প তিনটি জাতীয় গ্রিডে সাড়ে চার শ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করবে। এগুলোর মধ্যে সিরাজগঞ্জ প্রকল্প ২০১১ সালে, চাঁদপুর প্রকল্প ২০১২ সালে এবং সিলেটে ২০১৩ সালে উৎপাদন শুরু হবে।প্রকল্প তিনটিতে ব্যয় হবে দুই হাজার ২২০ কোটি টাকা। এর ব্যয়ভার সরকার বহন করবে।