২০০ যাত্রী নিয়ে শীতলক্ষ্যায় ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের টানবাজার খেয়াঘাট এলাকায় গতকাল রোববার রাতে শীতলক্ষ্যা নদীতে কার্গো ট্রলারের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। ট্রলারটি টানবাজার খেয়াঘাট থেকে ২০০ জন যাত্রী নিয়ে বন্দর স্কুল ঘাটে যাচ্ছিল।যাত্রীদের মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বহু যাত্রী নিখোঁজ রয়েছে। গতকাল গভীর রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারডুবিতে কতজন যাত্রী নিখোঁজ হয়েছে, সেই সংখ্যাও জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে টানবাজার খেয়াঘাট থেকে ছেড়ে যাওয়ার পর মাঝনদীতে উত্তর দিক থেকে আসা একটি খালি কার্গো ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা মারে।সাঁতরে তীরে ওঠা যাত্রীদের মধ্যে তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন নিলুফা, তাঁর মেয়ে তাঁতশ্রমিক তানজিলা ও সজীব। এদের মধ্যে নিলুফার দুটি পা ভেঙে গেছে। তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।