২০০ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক
‘আমি বৃদ্ধ, অসুস্থ মানুষ। প্রতিদিন ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে আসি। এত ছাত্রের ক্লাস নেওয়া আমার একার পক্ষে অসম্ভব। দুই বছর টিও, এটিও স্যারদের কতবার যে শিক্ষক দেওয়ার কথা বলেছি, কাজ হয়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি, এ মাসের মধ্যে শিক্ষক না দিলে, আমি আর চাকরি করব না, স্বেচ্ছায় ছেড়ে দেব।’ বদরগঞ্জ উপজেলা সদর থেকে দক্ষিণে ১৮ কিলোমিটার দূরে আদিবাসী এলাকায় অবস্থিত ওই বিদ্যালয়টি। সরেজমিনে গিয়ে জানা গেছে, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০ জন। বেশির ভাগ শিক্ষার্থীই আদিবাসী। শিক্ষকের পদ আছে চারটি। এর মধ্যে প্রধান শিক্ষক অবসরে গেছেন। বহিরাগত হিসেবে যোগদান করায় সহকারী শিক্ষকের পদের বিপরীতে দীর্ঘদিন একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অপর সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রশিক্ষণে আছেন। কর্মরত আছেন একমাত্র গোলজার হোসেন। এই একজন শিক্ষক দিয়েই গত দুই বছর চলছে পাঠদান কার্যক্রম।শিক্ষক গোলজার হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ১৫৮ জন শিক্ষার্থীর উপবৃত্তি প্রদানসহ অফিশিয়াল যাবতীয় কাজ আমাকে একা করতে হয়।’এলাকার দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘আর বলবেন না। আমি ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলতে বলতে হয়রান হয়েছি। কাজ হয়নি।’উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামানের কার্যালয়ে ২৭ অক্টোবর গিয়ে তাঁকে পাওয়া যায়নি। সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, স্যার প্রশিক্ষণে আছেন। পরে ওই দিন বহুবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকারের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ওই এলাকার দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুস সোবহানকে সঙ্গে সঙ্গে তাঁর কার্যালয়ে ডেকে বিদ্যালয়টি সম্পর্কে জানতে চান। একমাত্র অসুস্থ শিক্ষক দিয়ে একটি বিদ্যালয় চালানোর বিষয়ে সত্যতা পেয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং অবিলম্বে সেখানে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন বলে জানান।