২০০টি পৌরসভার গঠনের বিষয় খতিয়ে দেখা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চারদলীয় জোট সরকারের আমলে নীতিমালা ভেঙে রাজনৈতিক বিবেচনায় পৌরসভা গঠন করা হয়েছে। কেন এসব পৌরসভা গঠন করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। তিনি আরও জানান, স্থানীয় লোকজন পৌরসভা চান না, দেশে এমন পৌরসভার সংখ্যা ২০০টির মতো।আজ সোমবার প্রশ্নোত্তর পর্বে সাংসদ নওয়াব আলী আব্বাস খান ও আবু তালহার সম্পূরক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ সংসদে এ তথ্য জানান। সৈয়দ আশরাফ বলেন, সারা দেশে ৩১১টি পৌরসভা রয়েছে। এর মধ্যে চারদলীয় জোট সরকারের আমলে নীতিমালা ভঙ্গ করে কিছু এলাকাকে পৌরসভায় রূপান্তর করা হয়েছে। নিয়ম অনুযায়ী ২০ শতাংশের বেশি কৃষি জমি থাকলে সেখানে পৌরসভা হবে না। কিন্তু ৯০ শতাংশের বেশি কৃষি জমির এলাকাকেও পৌরসভায় রূপান্তর করা হয়েছে। আমরা এসব পৌরসভাকে বাদ না দিয়ে তাদের আয় বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আর কেন নীতিমালা ভঙ্গ করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।’স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, স্থানীয় লোকজন পৌরসভা চান না—দেশে এমন পৌরসভার সংখ্যা ২০০টির মতো। রাজনৈতিক বিবেচনায় এগুলোকে পৌরসভায় রূপান্তর করা হয়েছে। এতে পৌরসভায় জমির দাম বেড়েছে। কিন্তু মানুষকে কোনো নাগরিক সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না।ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণে চারদলীয় জোট সরকারের দুর্নীতির বিষয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ প্রকল্পকে জীবন্ত করে। এর নকশাও পরিবর্তন করে পলাশী পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আশা করা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হবে।বিশ্বকাপের জন্য ছয় হাজার ৭০২ সৌজন্য টিকিট: মমতাজ বেগমের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জানান, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ছয় হাজার ৭০২টি সৌজন্য টিকিট বিতরণের জন্য দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড কতটি টিকিট বিনামূল্যে বিতরণ করেছে এবং টিকিট বিক্রি করে কত টাকা পেয়েছে, তা বিশ্বকাপ শেষে জানা যাবে। এমনকি আয়োজনে কত অর্থ ব্যয় হয়েছে, তাও বিশ্বকাপ শেষে জানানো হবে। বিশ্বকাপের নিরাপত্তা-বিষয়ক সাজ-সরঞ্জাম কিনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।