২০০টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময়ের ২০০টি বধ্যভূমি সংরক্ষণ ও সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে এসব স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যয় হবে প্রায় ১০০ কোটি টাকা। পূর্ত মন্ত্রণালয় ইতিমধ্যে ৮৩টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য স্থান ও জমি চিহ্নিত করেছে। বাকি ১১৭টি বধ্যভূমি সংরক্ষণে স্থান নির্বাচনের জন্য বিভিন্ন জেলায় চিঠি পাঠানো হয়েছে।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্থান তথা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ বধ্যভূমিগুলো সংরক্ষণ করা জরুরি, এটা আমাদের দায়িত্ব। বধ্যভূমি সংরক্ষণের জন্য যে টাকা দরকার, তা আমাদের রয়েছে। সব স্থানে জমি নির্বাচন হয়ে গেলেই নির্মাণকাজ শুরু হবে।’মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের অগণিত মানুষকে হত্যা করে গণকবর দেয়। দেশের বিভিন্ন স্থানে অনেক বধ্যভূমি অবহেলায় পড়ে আছে। অনেক বধ্যভূমিতে স্থাপনা গড়ে তোলা হয়েছে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকদের পাঠানো তালিকা এবং অন্যান্য সুপারিশের ভিত্তিতে এই ২০০ বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ২৯টির জন্য সরকারি জমি পাওয়া গেছে। বাকিগুলোর জন্য জমি কিনতে হবে। এর অর্থায়ন হবে প্রকল্পব্যয় থেকে। গড়ে প্রতিটি বধ্যভূমির জন্য ১০ শতাংশ জমি অধিগ্রহণ করতে হবে। এ প্রকল্প বাস্তবায়ন শেষ হবে ২০১৩ সালের মধ্যে। এ পর্যন্ত দেশের ৩৫টি স্থানে বধ্যভূমি চিহ্নিত করে তা সংরক্ষণ করা হয়েছে।মন্ত্রণালয়ের উপপ্রধান এবং মুক্তিযুদ্ধকালীন সম্মুখসমরের স্থান সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক গতকাল বলেন, পরিকল্পনা কমিশন বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য জমির অবস্থানের বিস্তারিত তথ্যসহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে। জেলা পর্যায় থেকে এ পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তার সমন্বয় করে শিগগির পরিকল্পনাটি অনুমোদনের জন্য আবার কমিশনে পাঠানো হবে। সূত্র জানায়, এসব তথ্য পাঠানো হলে চলতি মাসেই প্রকল্পের অনুমোদন দেওয়া হবে।জানা গেছে, মন্ত্রণালয় প্রথমে ১৯৩টি বধ্যভূমি সংরক্ষণের সিদ্ধান্ত নিলেও বিভিন্ন কারণে তা থেকে ১৭টির নাম বাদ দেওয়া হয়। এরপর বিভিন্ন চিঠি ও সুপারিশের পরিপ্রেক্ষিতে গতকাল এর সংখ্যা বাড়িয়ে ২০০টি করা হয়।যেখানে বধ্যভূমি সংরক্ষণ করা হবেঢাকা: ঢাকা বিভাগে সংরক্ষণ করা হবে প্রায় ৭০টি বধ্যভূমি। এই তালিকায় আছে মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, শেরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শরীয়তপুর ও গাজীপুরের বধ্যভূমি। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে রমনা পার্ক, শ্যামপুর, ডেমরা, আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, মিরপুর সিরামিক ওয়ার্কস, শিয়ালবাড়ি, রাইন খোলা, জল্লাদখানা, মুসলিম বাজার, সরকারি বাঙলা কলেজসংলগ্ন জলাভূমি, রাজারবাগ পুলিশ লাইন, তেজগাঁও, কেরানীগঞ্জের নজরগঞ্জ, বাকা চরাইল, আমিরাবাগ, ঘাটার চর (শহীদ নগর), হিজলা, গজারিয়া থানার পাশের স্থান, টাঙ্গাইল জেলা সদর গার্লস স্কুলের পাশের স্থান, কিশোরগঞ্জের সিদ্ধেশ্বরী বাড়ীঘাট, মণিপুর ঘাট সেতুর নিচে, কটিয়াদী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ময়মনসিংহ ছোট বাজার, ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রাম, ফুলপুরের রামসোনা, শরীয়তপুরের দক্ষিণ মহিবর, মানিকগঞ্জ উপজেলা কার্যালয়ের অদূরে বিআরডিবি এলাকা, রাজবাড়ীর কালুখালী রেলস্টেশন এলাকা, নারায়ণপুর চন্দনা নদীর তীর, পাংশা রেলস্টেশনের কাছে সেতু এলাকা ও ফরিদপুরের জান্দিগ্রাম।তবে রমনা, তেজগাঁও, শ্যামপুর, জগন্নাথ হল, রমনাসহ ১৯টি স্থানের জন্য এখনো জমি পাওয়া যায়নি।রাজশাহী ও রংপুর: রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে মোট ৬১টি বধ্যভূমি সংরক্ষণ করা হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রংপুরের পশ্চিম আমট্টা, লাহিড়ীর হাট, জয়পুরহাটের কাদিরপুর স্কুল, রাধাবাড়ী, দরগাপাড়া, কেশবপুর, নওগাঁর সাপাহার ডাকবাংলো, মহাদেব নদের পশ্চিম পাড়, মনোহরপুর, চক রামানন্দ, বলিহার, সাহাপুর, দোগাছি, লাবণ্যপ্রভা বালিকা উচ্চবিদ্যালয়, ইটাকুড়ি জঙ্গল, রাজশাহীর বোয়ালিয়া ঈদগা মাঠ, পুলিশ লাইনের সামনের স্থান, বাবলা বন ডিসি বাংলোর সামনের স্থান, সারদা পুলিশ একাডেমি, নাটোরের ছাতনী ভবানী, আহম্মদ ব্রিজ কাদিম সাতুরিয়া, গোপালপুর শহীদ সাগর, পাবনার দেবোত্তর বাজার, বগুড়ার নারুলী, গাইবান্ধার গিরিধারীপুর, পশ্চিম রামচন্দ্রপুর, কাটাখালী, গাইবান্ধা স্টেডিয়াম, ফুলছড়ি ঘাট, অমরখানা, ভজনপুর, খালিশাপাড়া, বোতলাগাড়ী, বহলা, খুনিয়া দিঘী, আতাইকুলা গ্রাম।চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগে মোট ৩১টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এগুলো হচ্ছে বৈরাগ, বন্দর, নোয়াপাড়া ইউনিয়ন, নাজিরহাট, কাচানঘর, রোসানধিরি, কাঞ্চননগর, লিলাং, মোগলটুলী, নাসিরাবাদ, পাঁচলাইশ, গুনাগরি, বনিগ্রাম, উত্তর হালিশহর, মন্দাকিনী, পূর্ব হিংগুলি, জামালপুর পৌরসভা, মোহালংগা, পূর্ব মুরাদপুর, গোরামারা, ভবানী মহাদেবপুর মন্দির, রেল কলোনি, দায়াপাড়া, ফয়’স লেক, উত্তর আশরাফপুর হালুয়াপাড়া ও ফকিরামুরা প্রভৃতি।সিলেট, খুলনা ও বরিশাল: সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জে তিনটি, খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ ও বাগেরহাটে আটটি এবং বরিশাল বিভাগের পিরোজপুর ও ভোলায় তিনটি বধ্যভূমি সংরক্ষিত হবে। এগুলো হচ্ছে সিলেটের বাঁশতলা, টেকেরঘাট, চর নুর আহম্মদ, খুলনার বাঘাড়পাড়া ইউএনওর বাংলোর পেছনের স্থান, মহিরন কবরস্থান, শাঁখারি কাঠি ও বরিশালের সূর্য্যমণি স্লুইজগেট, কাচারীউলা ও চরজংলা। এ ছাড়া এ তিন বিভাগে আরও কয়েকটি স্থানে বধ্যভূমি সংরক্ষণের প্রস্তাব এসেছে।এ ব্যাপারে জানতে চাইলে গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে। বধ্যভূমি ও শহীদ বেদীগুলো রক্ষণাবেক্ষণের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে। তারা কাজ হাতে নিলে গণপূর্ত অধিদপ্তর নিরবচ্ছিন্নভাবে এগুলোর রক্ষণাবেক্ষণ করবে।