২০০১-এর নির্যাতন: ১৮টি মামলা হবে
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিগত চারদলীয় জোট সরকারের সময় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ১৮টি মামলা করা হবে। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরির সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ইউএনবি।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এর ভিত্তিতেই মামলাগুলো করা হবে।’কাদের বিরুদ্ধে মামলা হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যথাসময়ে তা জানতে পারবেন।’গত বছরের ১ ডিসেম্বর তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। বিচার বিভাগীয় তদন্ত কমিশন ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের ২৫ জন মন্ত্রী ও সাংসদসহ মোট ২৬ হাজার ৩৫২ জনকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছে।তালিকায় প্রকাশিত অভিযুক্ত মন্ত্রী ও সাংসদদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ, সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের নেতা মতিউর রহমান নিজামী, মাওলানা আবদুস সোবহান, দেলাওয়ার হোসাইন সাঈদী, সাবেক সাংসদ শহীদুল হক জামাল, ওয়াদুদ ভূঁইয়া, নাদিম মোস্তফা, জামায়াতের নেতা আবদুল্লাহ মো. আবু তাহের, সাবেক সাংসদ জয়নাল আবেদীন, বাগেরহাটের সাবেক সাংসদ এইচ এম সেলিম, ঝিনাইদহের সাবেক সাংসদ শহীদুল ইসলাম, ইলিয়াস আলী, হাফিজ ইব্রাহীম, সালাউদ্দিন আহমেদ, আলমগীর হায়দার, সালেক চৌধুরী, জহির উদ্দিন মো. স্বপন, সাখাওয়াত হোসেন, সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার ও নাটোরের বিএনপি নেতা একরামুল কবির।