২০০১ নির্বাচন-পরবর্তী সহিংসতার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নির্যাতন ও সহিংস ঘটনা তদন্তে গঠিত কমিশনের তদন্ত প্রতিবেদন তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে। এ মাসের শেষে এ প্রতিবেদন দাখিল করা হবে।কমিশনের প্রধান সাবেক জেলা ও দায়রা জজ মুহাম্মদ শাহাবুদ্দিন আজ মঙ্গলবার এ কথা জানান। কমিশনের প্রধান বলেন, ২০০১ সালে অনুষ্ঠিত নির্বাচন-পরবর্তী সহিংসতার সরেজমিন তদন্ত ও কমিশন দপ্তরের মাধ্যমে পাওয়া অভিযোগ যাচাই-বাছাইয়ের পর আমলযোগ্য আড়াই হাজারের মতো অভিযোগ পাওয়া গেছে। কমিশনসহ এর নিজস্ব কর্মকর্তারা চূড়ান্তভাবে এসব অভিযোগ যাচাই-বাছাই করেছেন। বর্তমানে কমিশনের প্রতিবেদন প্রস্তুত করতে চূড়ান্ত কার্যক্রম চলছে বলে তিনি জানান।কমিশনের প্রধান বলেন, নয় বছর আগে সংঘটিত ঘটনার ব্যাপারে প্রকৃত সত্য উদঘাটনে কমিশনকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। হাজার হাজার ঘটনা তদন্তে শুধু একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দৃষ্টান্ত নজিরবিহীন। তা সত্ত্বেও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে অনেক সীমাবদ্ধতার মাঝেও আদালতের দেওয়া সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।কমিশনের প্রধান বলেন, ‘আমরা পক্ষপাতহীনভাবে ঘটনাগুলোর তদন্ত করেছি এবং তদন্ত প্রতিবেদনে জড়িত ব্যক্তিবর্গসহ এসব ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকদের ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত জরুরি।’ তিনি বলেন, ‘মার্জনার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দেওয়া নির্দেশনা অনুযায়ী সরকার এই তদন্ত কমিশন গঠন করে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে এ তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। তিন সদস্যের কমিশন ছাড়াও কমিশনকে সহায়তা করতে আরও চারজন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় বলে কমিশনের প্রধান জানান।বিচার বিভাগীয় এই কর্মকর্তা আরও বলেন, ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময় দেশের সংখ্যালঘুঅধ্যুষিত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় তত্কালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা ওই সময়ের বিরোধী দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অমানবিক ও নজিরবিহীন নির্যাতন চালায়। তিনি বলেন, কমিশন বিভিন্ন জেলায় সরেজমিন তদন্ত করে মারাত্মক আহত ও নিহত ব্যক্তিদের স্বজনসহ নির্যাতন-নিপীড়নের শিকার অনেক ব্যক্তির সাক্ষ্য নিয়েছেন। —বাসস