২০০১ সালে পার্বত্য শান্তিচুক্তিতে জটিলতা তৈরি করা হয়েছে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার পার্বত্য শান্তিচুক্তি সম্পাদন করেছিল। কিন্তু ২০০১ সালে ক্ষমতার পালাবদলের পর এই চুক্তি নিয়ে আর কোনো কাজ হয়নি। বরং ওই সময়ে শান্তিচুক্তিতে বিভিন্ন জটিলতা সৃষ্টি করা হয়েছে। আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।গওহর বলেন, এখন সরকার পার্বত্য শান্তিচুক্তির ওইসব জটিলতা দূর করার জন্য কাজ করছে। তিনি বলেন, বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জটিলতা আরও বাড়িয়ে তুলছে।গওহর বলেন, ‘চট্টগ্রামের সমস্যা আমাদের অভ্যন্তরীণ। এই অঞ্চলের সমস্যা সমাধানের জন্য আমাদের শান্তিচুক্তি নিয়ে কাজ করতে হবে।’পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়ে গওহর বলেন, ‘আপনারা অনেক ধৈর্য ধরেছেন। আর একটু ধৈর্য ধরুন। সরকার এই অঞ্চলের শান্তির জন্য কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, শান্তিচুক্তি বাস্তবায়নের জন্য সরকার পুরোদমে কাজ করছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত ছাড়াও খুশি কবীর, সমীর দত্ত চাকমা ও নিরুপা দেওয়ান। আলোচনাপত্র উপস্থাপন করেন মঙ্গল কুমার চাকমা। ইউএনবি।