২০০৪ সালে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।চাকরিচ্যুত প্রায় ৪’শ কর্মকর্তা-র্কমচারীর পক্ষের আইনজীবী খায়ের এজাজ মাসউদ প্রথম আলো অনলাইনকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।আজ আদালতের রায়ে বলা হয়, এ রায়ের আলোকে যাঁদের নিয়োগ বাতিল হয়েছে তাঁরা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে দরখাস্ত করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের বয়সের শর্ত শিথিলযোগ্য হবে।রায়ে আরও বলা হয়, পরবর্তী নিয়োগের জন্য ন্যূনতম পাঁচটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিতে হবে। পক্ষভুক্ত (চাকরিচ্যুত) হওয়া ব্যক্তিরা পুনরায় চাকরির জন্য দরখাস্ত করতে পারবেন। তাঁদের যোগ্যতা প্রমাণের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।তবে চাকরিচ্যুত ব্যক্তিরা এত দিন ধরে যেসব বেতন-ভাতা পেয়ে আসছিলেন, তা ফেরত দিতে হবে না বলে আদালত অভিমত ব্যক্ত করেন। একই সঙ্গে রায় ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়।বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসব কর্মকর্তা-কমচারী নিয়োগ পান। ওই সব নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সাংসদ ফজলে রাব্বী মিয়া একটি রিট আবেদন করেন। ২০০৬ সালে হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দিয়ে নিয়োগকে বৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের অপর একটি বেঞ্চে ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক। চূড়ান্ত শুনানি শেষে ২০১১ সালের ২৩ আগস্ট হাইকোর্টের দেওয়া রায়ে ওই সব জনবলকে কোনো রকম বিলম্ব ছাড়াই অপসারণের নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয় এই রায়ের বিরুদ্ধে চাকরিচ্যুত ৮০৭ জন পৃথক তিনটি আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) করেন। লিভ টু আপিলের শুনানি শেষে গত ৪ ডিসেম্বর আপিল বিভাগ মূল রিটটি হাইকোর্টে নিষ্পত্তি করতে আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ ও চাকরিচ্যুতির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতেও বলা হয়। পরবর্তীকালে হাইকোর্টে মূল রিটের ওপর শুনানি হয়। তিন সপ্তাহ শুনানি নিয়ে আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। এরপর আজ আদালত এ রায় দেন।বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী জাফর আহমেদ রায়ের পর প্রথম আলো অনলাইনকে বলেন, ২০০৪ সালে পাঁচটি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে কতজন কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হলেন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন এ সংখ্যা প্রায় এক হাজার ১০০ হতে পারে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত নিয়োগ অবৈধ ঘোষণা করে আট দফা নির্দেশনা দিয়েছেন। নির্দেশনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অর্গানোগ্রাম আইনগতভাবে পরিবর্তনের কথা বলা হয়েছে। অর্গানোগ্রাম পরিবর্তনের পর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে। আদালতে আ ক ম মোজাম্মেল হকের পক্ষে আইনজীবী কামাল হোসেন ফজলে রাব্বী মিয়ার পক্ষে আবদুর রব চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের পক্ষে জাফর আহমেদ শুনানি করেন।চাকরিচ্যুতদের পক্ষে আইনজীবী রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, খায়ের এজাজ মাসউদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায় মামলা পরিচালনা করেন।