২০০৮ সালের শ্রেষ্ঠ ছবি ‘চন্দ্রগ্রহণ’, নায়ক রিয়াজ, নায়িকা পপি
সরকার আজ বৃহস্পতিবার ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, জুরি বোর্ড ২০০৮ সালের জন্য ২৩টি ক্যাটাগরিতে ২৪টি পুরস্কার দেওয়ার সুপারিশ করেছে। জুরি বোর্ডের এ সুপারিশ বিবেচনাক্রমে সরকার শ্রেষ্ঠ চলচ্চিত্রের নামসহ বিভিন্ন শাখায় নির্বাচিত শ্রেষ্ঠ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে।পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চন্দ্রগ্রহণ (প্রযোজক স আজম ফারুক), চলচ্চিত্র-পরিচালক মুরাদ পারভেজ (চন্দ্রগ্রহণ), সংগীত-পরিচালক ইমন সাহা (চন্দ্রগ্রহণ), নৃত্যপরিচালক মাসুম বাবুল (কি যাদু করিলা), প্রধান চরিত্রে অভিনেতা রিয়াজ (কি যাদু করিলা), পার্শ্বচরিত্রে অভিনেতা শামস সুমন (স্বপ্নপূরণ), খলচরিত্রে অভিনেতা জহির উদ্দিন পিয়ার (চন্দ্রগ্রহণ), প্রধান চরিত্রে অভিনেত্রী পপি (মেঘের কোলে রোদ), পার্শ্বচরিত্রে অভিনেত্রী দিলারা জামান এবং চম্পা (চন্দ্রগ্রহণ), কাহিনী মোহাম্মদ রফিকুজ্জামান (মেঘের কোলে রোদ), চিত্রনাট্যকার মুরাদ পারভেজ (চন্দ্রগ্রহণ), সংলাপ রচয়িতা মুরাদ পারভেজ (চন্দ্রগ্রহণ), গায়ক এন্ড্রু কিশোর (কি যাদু করিলা), গায়িকা কনকচাঁপা (এক টাকার বউ), গীতিকার কবির বকুল (মেঘের কোলে রোদ), সুরকার আলম খান (কি যাদু করিলা), চিত্রগ্রাহক (রঙিন) মাহফুজুর রহমান খান (আমার আছে জল), শব্দগ্রাহক রেজাউল করিম বাদল (কি যাদু করিলা), সম্পাদক মো. শহিদুল হক (কি যাদু করিলা), শিল্পনির্দেশক মোহাম্মদ কলমতর (মেঘের কোলে রোদ), শিশুশিল্পী দিঘি (এক টাকার বউ), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার ওয়াকা (আমার আছে জল) এবং মেকাপ ম্যান মো. শামছুল ইসলাম (মেঘের কোলে রোদ)।উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য সৃষ্টিশীল অবদান উত্সাহী ও স্বীকৃতি দেওয়ার উদ্দেশে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের ২৭টি ক্যাটাগরিতে ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার জন্য সরকার ২ নভেম্বর ২০০৯ তারিখে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে ১১ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করে। তথ্য বিবরণী।