২০০৯ থেকে থেমে আছে মামলাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার বিচার কার্যক্রম একটি সিদ্ধান্ত না হওয়ায় ২০০৯ সাল থেকে থেমে আছে। এ মামলার সঙ্গে ওই ঘটনায় করা হত্যা মামলাটিও একই সঙ্গে একই আদালতে চলবে কি না, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল সিদ্ধান্ত না দেওয়াই এর কারণ। এদিকে হত্যা মামলাটিতে ইতিমধ্যে ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।২০০১ সালের ১৪ এপ্রিল ওই বোমা হামলায় ১০ জন নিহত এবং অন্তত ১১ জন আহত ও পঙ্গু হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা এবং বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করে। এর প্রায় সাড়ে সাত বছর পর ২০০৮ সালের ৩০ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই মামলারই অভিযোগপত্র দাখিল করে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ নেতা-কর্মী এ দুই মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।বিস্ফোরকদ্রব্যের মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন। সূত্র জানায়, ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন ওই ঘটনায় করা দুই মামলারই বিচারকাজ একই সঙ্গে করার জন্য ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দেন। তবে মন্ত্রণালয় এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত জানায়নি। ফলে মামলাটির বিচারকাজ বন্ধ রয়েছে।দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে মামলা দুটির বিচার নিষ্পত্তির জন্য বিস্ফোরকদ্রব্য আইনের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এবং হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ পাঠানো হয়। মামলা দুটির বিষয়বস্তু, প্রমাণ এক এবং সাক্ষীরা একই ব্যক্তি হওয়ায় মামলা দুটির বিচার একই আদালতে করার জন্য আবেদন করেন ট্রাইব্যুনাল-১-এর তৎকালীন বিচারক মাসদার হোসেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল এখনো এ বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় বিচারকাজ বন্ধ রয়েছে।এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যে বিচারকাজ নিষ্পত্তি করতে না পারায় হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ থেকে গত বছরের ১৭ মে মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৩-এ পাঠানো হয়। জানা যায়, এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ গত প্রায় এক বছরে কয়েক দফায় পেছানো হয়েছে।এ প্রসঙ্গে অতিরিক্ত সরকারি কৌঁসুলি এস এম জাহিদ হোসেন বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫০ জনের সাক্ষ্য-জেরা গ্রহণ করেন। গত ১৭ মে এ আদালত মামলাটি গ্রহণের পর তদন্ত কর্মকর্তা, চিকিৎসক ও ম্যাজিস্ট্রেটকে একাধিকবার সমন দেওয়া হয়েছে। মামলার ১৪ আসামির মধ্যে জঙ্গি নেতা মুফতি হান্নানসহ পাঁচজন কারাগারে আটক আছেন। আসামি মাওলানা আকবর হোসাইন জামিনে এবং বাকি আসামিরা পলাতক আছেন। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অন্য মামলায় রিমান্ড থাকায় কারা পুলিশ আসামি হাজির করতে পারেনি। এ কারণে সাক্ষী এলেও আসামি না থাকায় সাক্ষ্য হয়নি।আদালত সূত্রে জানা যায়, দ্রুত বিচার নিষ্পত্তির জন্য রমনা বটমূলে বোমা হামলার মামলা দুটি ২০০৯ সালের ১ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ওই বছরের ১৬ এপ্রিল এই আদালত দুটি মামলায়ই অভিযোগ গঠন করেন এবং কয়েকজন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। পরে মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ও ৩-এ পাঠানো হয়।কারাগারে আটক অপর চার আসামি হলেন মাওলানা আবু তাহের, মাওলানা আবদুর রউফ, আরিফ হাসান ওরফে সুমন ও শাহাদাত হোসেন ওরফে জুয়েল। পলাতক আট আসামি হলেন বিগত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মওলানা তাজ উদ্দিন, শেখ ফরিদ ওরফে রহমতউল্লাহ ওরফে শওকত ওসমান (খুলনা), মুফতি শফিকুর রহমান (কিশোরগঞ্জ), হাফেজ মাওলানা ইয়াহিয়া (সিলেট), মুফতি আবদুল হাই ওরফে আবু নাঈম (কুমিল্লা), জাহাঙ্গীর বদর (দোহার, ঢাকা), আবদুল হান্নান ওরফে মাওলানা সাব্বির ও হাফেজ আবু বকর (বরিশাল)। তাঁদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি হয়।