২০১০ সালে জনশক্তি রপ্তানি কমে গেছে
২০১০ সালে বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানির হার কমেছে ২১ শতাংশ। তবে নারী কর্মী রপ্তানির হার বেড়েছে ১২ শতাংশ। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ‘প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ডস অব লেবার মাইগ্রেশন ২০১০: অ্যাচিভমেন্ট অ্যান্ড কন্সট্রেইন্ট’ শীর্ষক প্রকাশিত এ প্রতিবেদন উপস্থাপন করেন রামরুর চেয়ারপারসন তাসনিম সিদ্দিকী।প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ধরনের বৈরী পরিবেশের পরও সামাজিক ও অর্থনেতিক অগ্রগতির কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্থনৈতিক সমীক্ষায়, বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশ রয়েছে। যদিও এশিয়ার অন্যান্য জনশক্তি রপ্তানিকারক দেশ তাদের রপ্তানির হার আগের বছরের সমান ধরে রেখেছে।এ ছাড়া সাম্প্রতিক বিশ্বমন্দার কারণে গত বছরগুলোর তুলনায় ২০০৯ সালে জনশক্তি রপ্তানি ১৭ দশমিক ৮৬ শতাংশ কমে যায়। আর গত বছরের তুলনায় চলতি বছরে দক্ষ শ্রমিকের সংখ্যা কমেছে এবং অদক্ষ কর্মীর সংখ্যা বেড়েছে। এ বছরে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ৫২ দশমিক ২৭ শতাংশ।বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, টাঙ্গাইল, ব্রাক্ষণবাড়িয়া ও ঢাকা জেলা থেকে সবচেয়ে বেশি কর্মী বিদেশে যান বলে প্রতিবেদনে জানানো হয়েছে।সম্মেলনে শাহদীন মালিক বলেন, দক্ষ জনশক্তির রপ্তানি বাড়াতে নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য কারিগরি কোর্স চালু করার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা দ্রুত সংশোধন করা প্রয়োজন। রিক্রুটিং এজেন্সিগুলোকে দায়বদ্ধ করার পাশাপাশি ভালো সেবা দানের জন্য তাদের সম্মানিত করার কর্মসূচিও সরকারের থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিবর্তন করতে সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আগামী ২০ বছরের ‘পারসপেকটিভ প্লান’ এ জনশক্তি রপ্তানির বিষয়টি অত্যন্ত গুরুতের সঙ্গে বিবেচনা করতে হবে। এ ছাড়া ২০১১-২০২০ দশককে অভিবাসনের দশক হিসেবে ঘোষণা করার জন্যে সরকারের প্রতি অনুরোধ জানান তাঁরা।