২০১০ সালে পেশাগত দুর্ঘটনায় ২৪৫৩ জনের মৃত্যু, আহত ১৮৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে সারা দেশে পেশাগত কাজের সময় দুর্ঘটনায় দুই হাজার ৪৫৩ জন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন এক হাজার ৮৪১ জন।বাংলাদেশ অকুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (ওশি) বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। আজ রোববার এই প্রতিবেদন প্রকাশ করা হয়। কেবল সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন পর্যবেক্ষণ করে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ওশির গবেষণা সহকারী নাবিলাহ রেজওয়ানা।প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে পরিবহন খাতে হতাহতের সংখ্যা সর্বাধিক—এক হাজার ২১৭ জন। এ ছাড়া তৈরি পোশাক খাতে দুর্ঘটনায় ৭৪৩ জন, দিনমজুর ৩৫৬ জন, কৃষি ও মত্স্য খাতে ৩০০ জন এবং নির্মাণ খাতে ২৪৮ জন মারা গেছেন।প্রতিবেদনে বলা হয়, শুধু কর্মক্ষেত্রেই দুর্ঘটনায় ৮৯১ জন নিহত এবং ৮৭৪ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, বিদ্যুত্স্পৃষ্ট—এসব দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে ৪৬৪ জন মারা গেছেন। এ ছাড়া শ্রম অধিকার লঙ্ঘনের ফলে ৩০২ জন নিহত ও ৫২১ জন আহত হয়েছেন।প্রতিবেদনে বলা হয়, শ্রম আইন ২০০৬-এর যথাযথ প্রয়োগের অভাব, দুর্বল শ্রম পরিদর্শনব্যবস্থা, সচেতনতার অভাব, কর্মস্থলে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা কমিটির অনুপস্থিতি, প্রাপ্য মজুরির অভাব এসব কারণেই এসব হতাহতের ঘটনা ঘটেছে।