২০১২ পর্যন্ত সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান যুক্ত করাসহ কিছু সংশোধনীর কথা উল্লেখ করে রায় দিয়েছেন আপিল বিভাগ। সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণাসংক্রান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিষ্পত্তি করে গতকাল বুধবার এ রায় দেওয়া হয়। আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন।রায়ে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত মার্জনা করা হয়েছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, পঞ্চম সংশোধনীর দ্বারা সংবিধানের ৬ অনুচ্ছেদে বাংলাদেশের নাগরিকেরা বাংলাদেশি হিসেবে গণ্য হবে বলা হয়। ৯৬ অনুচ্ছেদে বিচারপতিদের অভিশংসনের জন্য গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা ছিল। এটিসহ কয়েকটি অনুচ্ছেদে সামরিক শাসনামলে যে পরিবর্তন আনা হয়েছে, তা সাময়িকভাবে মার্জনা করা হয়েছে। ২০১২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সংসদকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।রায়ে বলা হয়, সংবিধানের ১১৬ অনুচ্ছেদে যে পরিবর্তন আনা হয়েছে, সে ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান শব্দগুলো যুক্ত করতে হবে। সংবিধানের ১৫০ অনুচ্ছেদ সম্পর্কে হাইকোর্টের পর্যবেক্ষণ বহাল রেখে আপিল বিভাগের আগের পর্যবেক্ষণ প্রত্যাহার করা হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত জনস্বার্থে জারি করা যেসব সামরিক ফরমান ও আদেশ আগে মার্জনা করা হয়েছিল, তা ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর মধ্যে এ ব্যাপারে সংসদ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, সংবিধানের ১১৬ অনুচ্ছেদে নিম্ন আদালতে বিচারক নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করা শব্দগুলো যুক্ত করতে বলা হয়েছে। এ ছাড়া আদালত মুন সিনেমা হলের মালিকানার বিষয়টি তিন মাসের মধ্যে সুরাহা করার নির্দেশ দিয়েছেন।২০০৫ সালের ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। গত বছরের ২ ফেব্রুয়ারি কিছু পর্যবেক্ষণসহ ওই রায় বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৪ মার্চ আপিল বিভাগের দেওয়া ওই রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। রাষ্ট্রপক্ষ সংবিধানের ১৫০ অনুচ্ছেদে ক্রান্তিকাল এবং সামরিক সরকারের জনহিতকর কাজ মার্জনার বিষয়ে আপিল বিভাগের রায়ে কিছু অংশ পুনর্বিবেচনার আবেদন করে। তিন কার্যদিবস এর ওপর শুনানি হয়। ৭ এপ্রিল আদালত ১১ মে রায়ের দিন ধার্য করেন। গতকাল এ রায় ঘোষণা করা হয়। হাইকোর্টের দেওয়া রায়ে সংবিধানের ১৫০ অনুচ্ছেদে উল্লিখিত ক্রান্তিকালীন সময়ের ব্যাখ্যায় বলা হয়, ক্রান্তিকাল বলতে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে সংবিধান কার্যকরের দিন (১৬ ডিসেম্বর ’৭২) পর্যন্ত সময়কে বোঝাবে। আর কোনো সময়কে ক্রান্তিকাল হিসেবে গ্রহণ করা যাবে না। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই রায়ের পরিপ্রেক্ষিতে কোনো উচ্চাভিলাষী ব্যক্তি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের চেষ্টা করতে পারবেন না। আজকের এই রায় অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা দখলের বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে কাজ করবে।অন্যদিকে আদি সংবিধানের ১১৬ অনুচ্ছেদে নিম্ন আদালতে বিচারকদের বদলি-পদোন্নতিতে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ ছিল। পঞ্চম সংশোধনীতে এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান যুক্ত হয়। তবে পুনর্মুদ্রিত সংবিধানে পরামর্শের কথাটি বাদ দেওয়া হয়।